যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিল ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 March, 2021, 7:57 PM
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিল ইরান
তেহরানের ওপর চাপ বাড়াতে থাকলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো জো বাইডেন প্রশাসনও হারিয়ে যাবে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে, মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরান চলতি বছর যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেলকে হত্যা ও মার্কিন ঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিল । ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে উত্তেজনার মধ্যেই বেলজিয়াম, ফ্রান্স ও জাপানকে নিয়ে আরব সাগরে বড় ধরনের সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমানু চুক্তির জেরে এখনো অস্থিতিশীল ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি। ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া পদক্ষেপকে নির্বোধ সিদ্ধান্ত আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানকে সর্বোচ্চ চাপে রাখতে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে বড় ধরনের অপরাধ আখ্যা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করলে বর্তমান প্রশাসনও হারিয়ে যাবে বলে সতর্ক করেন খামেনি। বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল ২০১৫ সালে সম্পাদিত চুক্তি পুরোপুরি মেনে চলবে তেহরান।
আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপনীতি এখন পর্যন্ত ব্যর্থচেষ্টা হিসেবে প্রমাণিত হয়েছে। এখনো বর্তমান প্রশাসন যদি সর্বোচ্চ চাপনীতি গ্রহণ করে তারাও ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্র তো হারিয়ে যাবেই অন্যদিকে ইরান ক্রমান্বয়ে আগের যে কোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী ও পরাশক্তি হয়ে উঠবে।'
এর মধ্যেই, মার্কিন গোয়েন্দাদের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ বছর যুক্তরাষ্ট্রে ফোর্ট ম্যাকনাইরের সামরিক ঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিলো ইরান। ঘাঁটি থেকে নজরদারির পাশাপাশি ইরানি রেভুল্যুশনারি গার্ড যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল এম মার্টিনকে হত্যার পরিকল্পনাও করেছিলো বলে দাবি করা হয়।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আরব সাগরে বড় ধরনের সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আরব সাগরের পাশাপাশি ওমান উপসাগরেও বেলজিয়াম, ফ্রান্স ও জাপানকে সঙ্গে নিয়ে মহড়া চালাবে ওয়াশিংটন।