লক্ষ্মীপুর সদর ও কমলনগরে পৃথক ঘটনায় স্কুলছাত্রীসহ দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট থানায় ধর্ষণের আলাদা দুটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
এ দুই ধর্ষণের ঘটনার মামলার প্রধান অভিযুক্ত আসামি মেহেদী হাসান হৃদয় ও আকরাম হোসেন নামের দুই যুবককে গ্রেফতার করা হয়। রোববার (২১ মার্চ) দুপুরে আদালাতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে থানায় মামলা ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার আটিয়াতলী গ্রামে বাবার অসুস্থ্যতায় পরিবারের লোকজন হাসপাতালে ছিল।
এ সুযোগে ঘরে একা পেয়ে শনিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর টেক্সটাইল ইন্সটিউটের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে স্থানীয় আবুল কালাম আজাদের বখাটে ছেলে হৃদয় ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনায় রোববার সকালে ভিকটিমের পিতা বাদী হয়ে হৃদয়কে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এদিকে কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকায় শনিবার রাতে ১৭ বছরের এক তরুণীকে নিজ ঘরে ধর্ষণের অভিযোগ উঠেছে রামগতি উপজেলার আব্দুল বাতেনের ছেলে আকরাম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার সকালে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেন । পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পৃথক দুটি ধর্ষণের ঘটনা, মামলা ও দুই অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দুটি নিষ্পত্তি করার কথা জানান তিনি।