উপহার পাবেন পুত্রবধূ, করতে হবে শ্বশুর-শাশুড়ির সেবা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 5:31 PM
উপহার পাবেন পুত্রবধূ, করতে হবে শ্বশুর-শাশুড়ির সেবা
টাঙ্গাইলে শ্বশুর-শাশুড়ির সেবা করলে পুত্রবধূদের উপহার দেয়া হচ্ছে। উপহারের মধ্যে রয়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, পোড়াবাড়ির চমচম ও ক্রেস্ট। একই সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে ওই পরিবারের সদস্যদের।
এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন সদর থানার ওসি মীর মোশারফ হোসেন। উপহার পৌঁছে দিচ্ছেন তিনি নিজে। এমন উদ্যোগের কারণে চারদিক থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও প্রশংসায় ভাসছেন ওসি মোশারফ।
জানা গেছে, টাঙ্গাইল সদর থানার ভেতরে একটি ফেস্টুনে লেখা- ‘বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বাবা-মায়ের নিরাপদ আবাস’। সেখানে আরো লেখা ছিল শ্বশুর-শাশুড়িকে যে সেবা যত্ন করবে এবং একসঙ্গে বসবাস করবে সেই ভাগ্যবতীকে পুরস্কৃত করা হবে। ফেস্টুনের ছবি ফেসবুকে পোস্ট করায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। উদ্যোগটি মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
টাঙ্গাইল সদর থানাধীন কলেজপাড়া এলাকার গৃহবধূ শিউলি বেগম বলেন, শ্বশুর-শাশুড়িকে নিজের বাবা-মায়ের মতো ভালোবাসি। তাদের সেবা করে আত্মতৃপ্তি পাই। সদর থানার উদ্যোগের বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পারি। পরে সেই পোস্টে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করি। বিকেলে ওসি স্যার নিজে এসে আমাকে উপহারগুলো তুলে দেন। উপহার পেয়ে আত্মবিশ্বাস আরো বেড়েছে।
পৌর এলাকার কাজী মুজিবুর রহমান বলেন, আমার পুত্রবধূ মাহমুদা আক্তার ঠিক মেয়ের মতোই আমাদের ভালোবাসে। আমাদের দেখভাল ও সেবাযত্নে কোন ত্রুটি করে না। আমরা ভাগ্যবান বলেই হয়তো এমন ছেলের বউ পেয়েছি।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, আমি লক্ষ্য করেছি বাবা-মা বৃদ্ধ বয়সে সন্তানের অবহেলার শিকার হন। অনেক সন্তান বাবা-মাকে ছেড়ে বউ-বাচ্চা নিয়ে আলাদা বসবাস করে। আবার দেখা যায়, ছেলে জীবিকার প্রয়োজনে দূরে থাকলে বাবা-মাকে পুত্রবধূর সঙ্গেই অধিকাংশ সময় থাকতে হয়। মূলত পুত্রবধূ ও শ্বশুর-শাশুড়ির মধ্যে সম্পর্কের উন্নয়নের জন্যই আমার এ উদ্যোগ নেয়া। এরই মধ্যে অনেক পুত্রবধূ ও শ্বশুর-শাশুড়ি আমাকে কল করেছেন। আমার উদ্দেশ্য সফল হওয়ায় আমি অনেক খুশি।