বছরের শেষদিনেও করোনায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 7:45 PM
বছরের শেষদিনেও করোনায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু
বছরের শেষদিনেও বিশ্বজুড়ে করোনায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে একদিনেই। এর মধ্যে, যুক্তরাষ্ট্রেই গত ২৪ ঘণ্টায় প্রায় চার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় করোনা। ব্রাজিলে প্রায় তেরশ' জন আর যুক্তরাজ্যে এ সংখ্যা প্রায় এক হাজার। সংক্রমণ আর মৃতের হার আবারও বাড়তে থাকায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
দিন যত যাচ্ছে, বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। বুধবার কোভিড ঊনিশে আক্রান্ত হয়ে বিশ্বে সর্বোচ্চ মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৭ লাখ ১৭ হাজারের বেশি।
এ অবস্থায় সংক্রমণের হার বাড়তে থাকায় ব্রিটেনে বিধি-নিষেধের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। ঘরে বসেই নতুন বছরকে বরণ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বলেন, করোনা শনাক্তের হার আগের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে। ১৫ শতাংশ বেশি রোগী প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাই সহসাই স্কুল-কলেজ খুলে দেওয়া যাচ্ছে না।
বিশ্বের বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও হঠাৎ সংক্রমণের হার বাড়তে থাকায় অনেক দেশই রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃতের হার। দেশটিতে সবশেষ একদিনে সর্বোচ্চ প্রায় ৪ হাজার মানুষ মারা গেছেন।
সংক্রমণের উর্ধ্বগতির মধ্যেই বর্ষবরণ উপলক্ষে ব্রাজিলে সমুদ্র সৈকতসহ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন স্থানীয়সহ পর্যটকরা। এ অবস্থায় দেশটির করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, প্রত্যেক দেশের নাগরিকদের ভ্যাকসিনেশনের আওতায় আনার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য জরুরি ভিত্তিতে চারশ' কোটি ডলারের তহবিল প্রয়োজন জানিয়ে ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করতে সবাইকে আবারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।