ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
ত্রাণ বিলে স্বাক্ষর না করায় ট্রাম্পের সমালোচনায় বাইডেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 10:09 PM

ত্রাণ বিলে স্বাক্ষর না করায় ট্রাম্পের সমালোচনায় বাইডেন

ত্রাণ বিলে স্বাক্ষর না করায় ট্রাম্পের সমালোচনায় বাইডেন

যুক্তরাষ্ট্রে করোনা মহামারির অতি জরুরি ত্রাণ তহবিলের জন্য ৮৯ হাজার ২শ কোটি ডলারের বিলে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর না করায় তার সমালোচনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প স্বাক্ষর করতে রাজি না হওয়ায় শনিবার থেকে ১ কোটি ৪০ লাখ মার্কিন নাগরিকের বেকারভাতা বন্ধ হয়ে গেছে।

ট্রাম্প তার দায়িত্ব প্রত্যাখ্যান করছেন বলে এক লিখিত বক্তব্যে অভিযোগ করেন বাইডেন। এর ফলাফল বিধ্বংসী হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাইডেন বলেন, ‘এটা বড়দিনের পরের দিন আর লাখ লাখ পরিবার জানে না যে তারা কোনো ব্যবস্থা করতে পারবে কিনা। কংগ্রেস এবং দুই দল থেকেই বিপুল সমর্থনে বিল পাস হওয়ার পরেও ট্রাম্পের বিরোধীতার কারণে এই অবস্থা তৈরি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটি একটি জরুরি বিল। এটি এখনই সই হওয়া দরকার।’

ট্রাম্প এই বিল নিয়ে সন্তুষ্ট নয় বলে এ সপ্তাহে যখন জানান, তখন তা অবাক করেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যদেরই। বিলের আওতায় বছরে ৭৫ হাজার ডলারের কম আয় করেন এমন মার্কিন নাগরিকদের প্রতি সপ্তাহে ৬শ ডলার করে অর্থ সহায়তা দেয়া হবে।

মোট ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের এই বিলের ১ লাখ ৪০ হাজার কোটি ডলার খরচ করা হবে সরকারি বিভিন্ন ব্যয়ের খাতে। তাই বিল স্বাক্ষর না হওয়ায় সরকারি চাকরিজীবীদেরও আয়ে ঝুঁকি তৈরি হয়েছে। এখন কংগ্রেস সাময়িক সরকারি তহবিলে সম্মত না হলে আগামী মঙ্গলবার থেকে মার্কিন সরকারে আংশিক অচলাবস্থা তৈরি হতে যাচ্ছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে ১ কোটি ৮৭ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা ৩ লাখ ৩০ হাজারেরও বেশি। আক্রান্ত ও মৃত্যু দু দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি।

এ প্রসঙ্গে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাউথ বেন্ড শহরের সিঙ্গেল মাদার ল্যানেট্রিস হেইনেস বলেন, ‘এটা একটা দাবা খেলা আর আমরা হলাম সেই খেলার গুটি।’ বিল পাস না হওয়ায় সাপ্তাহিক ১২৯ ডলার বেকারভাতা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন হেইনেস।

জর্জিয়ার চার সন্তানের জনক আর্ল ম্যাকার্থি জানান, সেলসের চাকরি হারানোর পর থেকে তিনি বেকারভাতার ওপরেই নির্ভর করে আছেন। ট্রাম্প যদি বিলে সই না করেন তাহলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে তার আর কোনো আয়ের পথ থাকবে না।

শনিবার এক টুইটার পোস্টে মার্কিন নাগরিকদের জন্য অর্থ সহায়তা ৬শ ডলারের পরিবর্তে ২ হাজার ডলার করার দাবি জানিয়েছেন ট্রাম্প। এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ভাতা ২ হাজার ডলার অর্থ সহায়তার অনুরোধ এসেছিল। কিন্তু ট্রাম্পের নিজ দল রিপাবলিকানরাই সেই উদ্যোগ বন্ধ করে দেন। সূত্র: আল জাজিরা, বিবিসি, এপি

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status