নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টুরিস্ট পুলিশের এসআই পরিচয়ে চোর আখ্যা দিয়ে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে মনির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নিজেকে টুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের সাব-ইন্সপেক্টর বলে দাবি করলেও থানা-পুলিশ এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত হয়নি। শনিবার (১২ ডিসেম্বর) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইলো বটতলা এলাকায় এই নির্যাতনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আনোয়ার নামে এক যুবককে চোর আখ্যা দিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করেছেন মনির নামক পুলিশের এক এসআই। এলাকাবাসী এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করছেন।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা দাবিদার মনির নিজেকে টুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয় দিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, আনোয়ার নামে একজন চোর আমার দোকানের পেছন থেকে ক্যাবল চুরি করে হাতেনাতে ধরা পড়েছিল। তিনি এলাকার চিহ্নিত চোর। তাই চুরির অপরাধে তাকে কিছুটা শাস্তি দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়দের কাছ থেকে নির্যাতনের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ শনিবার রাতেই ঘটনাস্থলে গিয়ে আহত আনোয়ারকে উদ্ধার করে সদরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে আনোয়ার সুস্থ হয়ে নির্যাতনের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, নির্যাতনের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে।
তিনি বলেন, আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্ত মনির আদৌ পুলিশ সদস্য কি না সে বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। বিষয়টি নিশ্চিত হয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।