বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের টিকা হয়ত অদূর ভবিষ্যতে এসে যাবে। কিন্তু এই টিকার উপাদান নিয়ে চিন্তিত বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডা (ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি)। এমনকি খেলোয়াড়রা করোনার টিকা নিলে কোনোভাবে ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হবেন কি না সেই প্রশ্নও উঠেছে।
ওয়াডা বিভিন্ন ডোপ বিরোধী সংস্থাকে এরই মধ্যে বলে দিয়েছে, করোনার টিকার মধ্যে কোনো নিষিদ্ধ ড্রাগ আছে কি না, সেটা ভাল করে পরীক্ষা করে নিতে হবে। ওয়াডা জানিয়েছে, এখনই ভ্যাক্সিনের উপদান নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে এই টিকার মধ্যে খেলাধুলোয় নিষিদ্ধ ড্রাগের উপস্থিতির সম্ভাবনা তারা একেবারেই উড়িয়ে দিচ্ছে না।
এক বিবৃতিতে ওয়াডা জানিয়েছে, ‘আমরা সারাক্ষণ করোনার টিকা নিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এই টিকা নিলে অ্যাথলেটদের ডোপিংয়ের আওতায় পড়তে হবে কি না, সে বিষয়ে আমরা সারাক্ষণ চিন্তাভাবনা করছি। এরকম হতেই পারে, করোনার টিকা নিলে ডোপিংয়ের দায়ে খেলোয়াড়রা অভিযুক্ত হচ্ছে। তবে অ্যাথলিটরা নিশ্চিন্ত থাকতে পারে, ওয়াডা এ ব্যাপারে তাদের পরিষ্কার করে সব জানিয়ে দেবে।’
ওষুধ প্রস্তুতকারী বিভিন্ন সংস্থার সঙ্গে এ বিষয়ে কথা বলছে ওয়াডা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফার্মাসিউটিকাল ম্যানুফ্যাকচারার্সের কর্তাদের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে সংস্থাটি।
তবে মহামারির আবহে ওয়াডাও চায়, টিকা বাজারে এলে যেন খেলোয়াড়রা সেটা নেন। কারণ, খেলোয়াড়দের স্বাস্থ্যই ওয়াডার কাছে অগ্রাধিকার পাচ্ছে। ওয়াডা তাদের বিবৃতিতে আরো বলেছে, ‘আমরা চাই না করোনার টিকা ও ডোপ বিরোধী আইনের মধ্যে কোনো মতবিরোধ হোক।’