মহামারি করোনাভাইরাসের টিকা আশার আলো দেখাতে শুরু করেছে বিশ্বময়। ইতোমধ্যে দুটি টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি পেয়েছে এবং সেগুলো বেশ কার্যকর। আর এই টিকার প্রয়োগও শুরু হয়েছে। কিন্তু শুক্রবার (১১ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) যে তথ্য প্রকাশ করেছে সেটা শঙ্কিত হওয়ার মতোই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গেল ছয় সপ্তাহে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের তুলনায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার হু’র মহা-পরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়াইসুস বলেছেন, ‘টানেলের শেষ প্রান্তে আমরা আলো দেখতে শুরু করেছি। কিন্তু এমন সময়ে আমরা নতুন নতুন চ্যালেঞ্জেরও মুখোমুখি হচ্ছি। আর তাতে করে টানেলের শেষ প্রান্তে যে আলো দেখতে পাচ্ছি, সেটা উজ্জ্বল হয়ে জ্বলে উঠতে পারছে না। গেল ছয় সপ্তাহে সাপ্তাহিক মৃত্যুর হার গড়ে প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার অধিকাংশ অবশ্য ইউরোপ ও আমেরিকায়।’
তিনি আরো জানিয়েছেন এই সময়ে ইউরোপ জুড়ে করোনার সংক্রমণ বেড়েছে প্রায় শতভাগ। বেড়েছে মৃত্যু হারও।
অবশ্য আশার কথা হচ্ছে এমন সময়ে যুক্তরাজ্যে শুরু হতে যাচ্ছে করোনার টিকা প্রয়োগ। এ বিষয়ে ঘেব্রেয়াইসুস বলেছেন, ‘এক বছর আগেও করোনার টিকা আমাদের কাছে ছিল অজানা কিছু। কিন্তু এখন বেশ কিছু টিকা নিয়ে কাজ চলছে। প্রয়োগও শুরু হয়েছে। আর সেটা সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে। এটা আমাদের বিজ্ঞানের বড় অর্জন। তবে আমাদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। যথাযথ পদক্ষেপ নিতে আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের এই সাফল্য উদযাপন শোকে পরিণত হতে পারে।’
তিনি করোনার উচ্চ সংক্রমণের এলাকায় থাকা বাসিন্দাদের অনুরোধ করেছেন যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার।