করোনার ভ্যাকসিন কিনতে এডিবির সহযোগিতা পাবে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 4:53 PM
করোনার ভ্যাকসিন কিনতে এডিবির সহযোগিতা পাবে বাংলাদেশ
কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্রয় ও এর যথাযথ ব্যবস্থাপনার জন্য ৯ বিলিয়ন মার্কিন ডলারের (৭৬ হাজার ৫০০ কোটি টাকা) একটি তহবিল গঠন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর সদস্য হিসেবে বাংলাদেশও এই তহবিল থেকে সুবিধা পাবে।
গতকাল শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল তৈরির ঘোষণা দেওয়া হয়েছে।
ব্যাংকটির নেওয়া দ্য এশিয়ান প্যাসিফিক ভ্যাকসিন ফেসিলিটি (এপিভ্যাক্স) উদ্যোগের আওতায় এডিবির সদস্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮ দেশ বা অঞ্চল এর সুবিধা পাবে।
এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া এ প্রসঙ্গে বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব এডিবির সদস্য দেশগুলো তাদের জনগণের জন্য করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। টিকা কেনা এবং নিরাপদে, সমানভাবে ও কার্যকর উপায়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে তাদের অর্থের প্রয়োজন হবে। এপিব্যাক্স আমাদের উন্নয়নশীল সদস্যদের এই করোনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে, মহামারি কাটিয়ে উঠতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এডিবির বাংলাদেশ কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গবিন্দ বার জানান, “নয় বিলিয়ন ডলার থেকে তহবিলের অর্থ বাড়তেও পারে। তবে বাড়বেই বিষয়টা এমন নয়। নাও বাড়তে পারে। পুরো বিষয়টা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যেমন করোনা মোকাবিলায় আমরা প্রথমে ১১ বিলিয়ন ডলার ঘোষণা করেছিলাম। পরে সেটাকে ২০ বিলিয়ন ডলার করা হয়েছে।”
এডিবির সূত্র মতে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ পর্যন্ত এক কোটি ৪৩ লাখের বেশি মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে, মারা গেছেন দুই লাখের বেশি মানুষ।