সারাদেশে চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়ে ১৩৮ প্রতিষ্ঠানকে ছয় লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জেলায় অভিযান করে এসব জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রাজধানীর আজিমপুর, পলাশী, নিউমার্কেট, খিলগাঁও রেলগেট, মালিবাগ রেলগেট, মালিবাগ, রামপুরা ও কারওয়ান বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।
এ ছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকিকালে আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আদাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি-না তা মনিটরিং করা হয়।
পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মূল্যতালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয়রসিদ সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ১৩৮টি প্রতিষ্ঠানকে ছয় লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।