ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আদালত চত্বরে মায়ের কাছ থেকে শিশুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা ডিবি পুলিশের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 11:05 PM

আদালত চত্বরে মায়ের কাছ থেকে শিশুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা ডিবি পুলিশের

আদালত চত্বরে মায়ের কাছ থেকে শিশুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা ডিবি পুলিশের

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে ডিবি পুলিশের বিরুদ্ধে এক মায়ের কাছ থেকে শিশুকে ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শিশুর মামা কিবরিয়া পাঠান ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, সাত বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের ইসরাত জাহানের সঙ্গে ঢাকার উত্তরখান এলাকার পুলারটেকের সাইফ উদ্দিন সিদ্দিকের বিয়ে হয়। ২০১৪ সালে আহিয়ান সিদ্দিক নামে একটি ছেলেসন্তান জন্ম দেন ইসরাত জাহান।
২০১৮ সালে যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুসন্তানকে শ্বশুরবাড়িতে রেখে যান সাইফ উদ্দিন সিদ্দিক। সম্পর্কের অবনতির কারণে ২০১৯ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ২০১৯ সালে সন্তানের অভিভাবকত্ব পাওয়ার জন্য শিশুর মা ইসরাত জাহান ব্রাহ্মণবাড়িয়া জেলা দায়রা জজ আদালতের আখাউড়া সহকারী জজ ও পরিবার আদালতে একটি মামলা করেন।

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রত্যেক ধার্য তারিখে মাকে দেখানোর জন্য নাবালক শিশুসন্তানকে আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত। আদেশকে চ্যালেঞ্জ করে শিশুর পিতা সাইফ উদ্দিন সিদ্দিক ১৮ অক্টোবর জেলা দায়রা জজ আদালতে সিভিল রিভিশন মামলা করেন।

ওই মামলায় সোমবার নাবালক শিশু ও তার বাবা সাইফ উদ্দিন সিদ্দিককে আদালত হাজির হওয়ার নির্দেশনা দেন। দুপুরে আদালতে উভয়পক্ষের শুনানি শেষে শিশু আহিয়ান সিদ্দিককে মামলার প্রত্যেক ধার্য তারিখে তিন ঘণ্টার জন্য মা ইসরাতের কাছে থাকার নির্দেশ দেন জেলা দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম।

শুনানি শেষে এজলাস থেকে শিশু আহিয়ান সিদ্দিককে কোলে নিয়ে মা ইসরাত জাহান জেলা দায়রা জজ আদালত ভবনের সামনে যান। ওই সময় শিশুর পিতা সাইফ উদ্দিন সিদ্দিক শিশু আহিয়ান সিদ্দিককে কোলে নিয়ে স্বজন ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় গাড়িতে উঠে যাওয়ার চেষ্টা করেন।

উপস্থিত আইনজীবীসহ লোকজন প্রতিবাদ করলে তাদের চেষ্টা ব্যর্থ হয়। প্রতিবাদের মুখে গোয়েন্দা পুলিশের সদস্যরা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। পরে তিন ঘণ্টা মায়ের কাছে থাকার পর শিশু আহিয়ান সিদ্দিককে নিয়ে ঢাকার দিকে রওনা হন পিতা সাইফ উদ্দিন সিদ্দিক।

বাদীপক্ষের আইনজীবী মোর্শেদ আলম ও শরিফুল আলম জানান, গোয়েন্দা পুলিশ জোরপূর্বক শিশুকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আদালতের নিজস্ব সিসি টিভি ক্যামেরায় ও শিশুর মামার মোবাইল ফোনে ডিবি পুলিশের এ কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে।

তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, অভিযোগ সত্য নয়। এমনিতেই আদালত চত্বরে গিয়েছিলাম।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হককে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status