শেওড়াপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 4:23 PM
শেওড়াপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় নির্মাণাধীন আটতলা একটি ভবনের সাততলা থেকে পড়ে মঞ্জুর হোসেন মরন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর দেড়টায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতের সহকর্মী আকবর হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শেওড়াপাড়ায় ওই ভবনের সাততলায় সেন্টারিংয়ের বাঁশ খোলার সময় অসাবধানতাবসত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মমানসা গ্রামে। তার বাবার নাম মোস্তফা মিয়া। তিনি নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।