৯৯৯ এ একজন রিকশাচালকের ফোন কলে সায়েদাবাদ ফ্লাইওভার থেকে আত্মহত্যা প্রচেষ্টায় লাফ দেয়া তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিল ঢাকার যাত্রাবাড়ী থানার পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে বারোটায় জাতীয় জরুরী সেবা ৯৯৯'এ একজন রিকশাচালক কলার সায়েদাবাদ জনপদ মোড় থেকে ফোন করে জানান ফ্লাইওভারের উপর থেকে এক তরুণী লাফ দিয়েছে। সে এখন রাস্তায় পড়ে আছে। কলার আরো জানান তরুণী এখনো বেঁচে আছে। তার মুখ থেকে গোঙানির শব্দ শোনা যাচ্ছিল।
৯৯৯ তাৎক্ষনিকভাবে কলারের সাথে যাত্রাবড়ী থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে রাত দুইটায় যাত্রাবাড়ী থানার এস আই মনির ৯৯৯-কে ফোনে জানান, তিনি তরুণীকে উদ্ধার করে পুলিশের টহল গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে তরুণীর সিটি স্ক্যান করানো হয়েছে। শরীরের কয়েকটি স্থানে সেলাই দিতে হয়েছে এবং পায়ে প্লাস্টার করতে হয়েছে। তিনি আরো জানান, তরুণী আশংকামুক্ত।
তরুণী কিছুটা সুস্থ হলে তার অভিভাবকের নাম ঠিকানা নিয়ে তার তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।