গত মাসে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এফিটামিন পাউডার জব্দের ঘটনায় সাতজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো জড়িত কি না এ বিষয়ে এখনো স্পষ্ট নয়। তবে বিমানবন্দরের মাদক স্ক্যানিংয়ের জন্য ডগ স্কয়াডের দাবি জানানো হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ থেকে।
গত ৯ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ১২ কেজি ৩২০ গ্রাম এফিটামিন পাউডার জব্দ করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জাব্বার বলেন, আমার বিশ্বাস যে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো যথেষ্ট স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করে। এখন যে যায় নাই বা যাচ্ছে না তাদের মাধ্যমে সেটা আমরা বলতে পারব না। এটার প্রমাণ নাই। আমরা তো দেখিনি। হয়তোবা গেছে হয়তোবা যায়নি।