ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্টুয়ার্ট ব্রড ৪৯৯
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 July, 2020, 10:25 AM

স্টুয়ার্ট ব্রড ৪৯৯

স্টুয়ার্ট ব্রড ৪৯৯

টিম কম্বিনেশনের কথা বলে সাউদাম্পটনের সিরিজের প্রথম ম্যাচের একাদশে রাখা হয়নি ডানহাতি পেসার স্টুয়ার্ট ব্রডকে। বাদ পড়ার হতাশা ও ক্ষোভ প্রকাশ্যেই সংবাদ মাধ্যমে উগরে দিয়েছিলেন তিনি। সুযোগ পেয়েছেন পরের দুই ম্যাচে। আর টিম ম্যানেজম্যান্টের ওপর থাকা রাগের আগুন পুরোটা ঢেলে দিয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের ওপর।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলতি সিরিজের প্রথম ম্যাচের পর মনে হয়েছিল এটি হতে চলেছে দুই অলরাউন্ডার বেন স্টোকস ও জেসন হোল্ডারময় এক সিরিজ। কিন্তু প্রথম ম্যাচ না খেলেও, সিরিজের পুরো আলো নিজের দিকে টেনে নিয়েছেন ৩৪ বছর বয়সী পেসার স্টুয়ার্ট ব্রড।

দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়ে রেখেছিলেন ইংল্যান্ডের সমতা ফেরানোয় বড় ভূমিকা। ধারাবাহিকতা ধরে রেখে এবার পুরো ম্যাচটাই নিজের করে নিচ্ছেন ব্রড। প্রথম ইনিংসে শিকার করেছেন ৩১ রানে ৬ উইকেট, তৃতীয় দিন শেষ হওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তার শিকার আরও ২ উইকেট। এর সঙ্গে আবার যোগ করুন ব্যাট হাতে ৪৫ বলে ৬২ রানের ঝড়ো এক ইনিংস।

তবে ব্যাটিংয়ের পরিসংখ্যান খুব একটা দরকার নেই ব্রডের মাহাত্ম্য তুলে ধরতে। প্রথম ম্যাচে বাদ পড়া ব্রড এখন দাঁড়িয়ে টেস্ট ক্যারিয়ারের ৫০০ উইকেটের দোরগোড়ায়। সিরিজ শুরুর আগে তার শিকার ছিল মোট ৪৮৫ উইকেট। এখনও পর্যন্ত চার ইনিংসে ১৪ উইকেট নিয়ে এটিকে ৪৯৯'তে নিয়ে গেছেন ব্রড।

সিরিজের শেষ টেস্টের এখনও বাকি দুই দিন। তবে ইংল্যান্ডের জয়ের জন্য বাকি আর ৮ উইকেট। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে আরও ৩৮৮ রান। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসের প্রথম দুই উইকেট নিয়েছেন ব্রডই। আজ আর মাত্র ১ উইকেট পেলেই কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যাবেন সুদর্শন এ পেসার।

ক্যারিয়ারে ৫০০ উইকেট থেকে এখনও একটি দূরে থাকলেও, চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে ঠিকই প্রথম বোলার হিসেবে উইকেটের ফিফটি করে ফেলেছেন ব্রড। টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১তম ম্যাচ খেলতে থাকা ব্রডের উইকেটসংখ্যা ৫১টি। তার ঠিক পেছনেই রয়েছে অস্ট্রেলিয়ার দুই বোলার প্যাট কামিনস (১০ ম্যাচে ৪৯) ও নাথান লিয়ন (১০ ম্যাচে ৪৭)।

অন্যদিকে বিশ্বের সপ্তম বোলার, চতুর্থ পেসার এবং দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০০ উইকেট হবে ব্রডের। তার আগে এ মাইলকফলকে পৌঁছেছেন মুত্তিয়াহ মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), অনিল কুম্বলে (৬১৯), জেমস অ্যান্ডারসন (৫৮৯), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও কোর্টনি ওয়ালশ (৫১৯)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status