সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। করোনার সংক্রমণ বাড়ছে। এসময় সব দেশ কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে প্রাণঘাতী করোনাভাইরাস আরো ভয়ংকর হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মঙ্গলবার (১৪ জুলাই) জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, অনেক বেশি দেশ ভুল পথে হাঁটছে। আর এই ভাইরাস গণমানুষের এক নম্বর শত্রু হয়ে থেকে যাচ্ছে।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মৌলিক স্বাস্থ্যবিধি না মানা হলে এই মহামারী চলতে থাকবে। পরিস্থিতি খারাপ থেকে খারাপ এবং আরও খারাপের দিকে যাবে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ২৫২ জন। মৃতের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৫৪০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৭৬ লাখ ৯৬ হাজার ৫৫১ জন।
সবেচেয়ে খারাপ পরিস্থিতিতে থাকা দেশ দুইটি হচ্ছে, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। পুরোনো দিনের মত সেই স্বাভাবিক অবস্থা সুদুর ভবিষ্যতে আর ফিরে না আসার আশঙ্কা প্রকাশ করে গ্রেব্রিয়াসুস বলেন, এটি খুবই উদ্বেগের বিষয়।