সন্তানসম্ভবা প্রতিবন্ধী এ তরুণীর ঠিকানা কেউ জানে না
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 June, 2020, 10:36 PM
সন্তানসম্ভবা প্রতিবন্ধী এ তরুণীর ঠিকানা কেউ জানে না
পাবনার সাঁথিয়ায় একজন বুদ্ধিপ্রতিবন্ধী সন্তানসম্ভাবা তরুণীর সন্ধান মিলেছে। এই তরুণীর আপাতত থাকেন সাঁথিয়া পৌরসভার ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিংয়ের বারান্দায়। কিছুদিনের মধ্যেই হয়তো সন্তান প্রসব করবেন।
তার নাম, ঠিকানা সম্পর্কে স্থানীয় কেউই অবগত নয়। স্থানীয় হোটেল-রেস্টুরেন্ট অথবা সাধারণ মানুষের সাহায্য-সহযোগিতায় তার খাওয়া-পড়া চলে। আর যখন যেখানে, সেখানেই তার রাত্রিযাপন।
শুধু তাই নয়, খেয়ে না খেয়ে, ঝড়-বৃষ্টিসহ বিভিন্ন ব্যথা, বেদনা ও যন্ত্রণা উপেক্ষা করে সাঁথিয়া পৌরসভার উপজেলা চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, কোনাবাড়িয়া, বোয়ালমারি, সাঁথিয়া বাজারসহ বিভিন্ন অলিতে-গলিতে মানুষের দ্বারে দ্বারে ছুটে চলছে একমুঠো খাবারের জন্য।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ জানান, ওই মেয়েটির দেখভাল করা, তার সন্তান প্রসব করাসহ যাবতীয় নিরাপত্তা দিতে তিনি খোঁজ-খবর নিচ্ছেন। কোনো নরপশুর দ্বারা এমন জঘন্য অপরাধ হতে পারে তা খতিয়ে দেখে আইনের আওতায় আনতে সাঁথিয়া থানার ওসি মো. আসাদুজ্জামানকে নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান।