তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি মৌসুম। নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইপিএলের দুই জনপ্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। ভালো শুরুর পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্পার্সরা। অন্যদিকে হারার শংকা থেকে শেষ সময়ের গোলে স্বান্তনার ড্র আদায় করে নিয়েছে রেড ডেভিলরা।
শুক্রবার রাতে টটেনহ্যামের ঘরের মাঠ হটস্পার স্টেডিয়ামে খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয়। ফলে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত রইলো ইউনাইটেড। অন্যদিকে টানা সাত ম্যাচ জয়হীন রইল টটেনহ্যাম।
ম্যাচের ১৩ মিনিটে সন-হিয়ুং মিনের দূরপাল্লার একটি শট ঠেকিয়ে দেন ম্যান ইউ গোলরক্ষক দাভিদ দি গিয়া। ১০ মিনিট পর মার্কাস রাশফোর্ডের শট ফেরান স্পার্স গোলরক্ষক হুগো লরিস।
স্টিভেন বেরহুইয়ানের দারুণ এক গোলে ২৭ মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। ২২ বছর বয়সী এই ডাচ ফরোয়ার্ডের দারুণ গোলে ভালো শুরু পায় স্পার্সরা। এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় দলটি।
ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকায় জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল স্পার্স। কিন্তু ৮১ মিনিটে ডি-বক্সে পগবাকে ফাউল করেন এরিক দায়ের। স্পট কিক থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেস। পুরো ম্যাচ খারাপ খেললেও স্বান্তনার ড্রয়ে শেষটা ভালো করে রেড ডেভিলরা।
এই ড্রয়ে ৩০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে জোসে মরিনহোর টটেনহ্যাম।
২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে বর্তমান টেবিলের শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬০। এছাড়া লেস্টার সিটি (৫৩), চেলসি (৪৮) যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।