ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ঈদের ১০ দিন পুরোদেশ লকডাউন চায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 9:05 PM

ঈদের ১০ দিন পুরোদেশ লকডাউন চায়

ঈদের ১০ দিন পুরোদেশ লকডাউন চায়

করোনাভাইরাসের সংক্রমণরোধে আসন্ন ঈদুল ফিতরের আগে-পরে সারাদেশ একযোগে ১০ দিন লকডাউন করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বুধবার (২০ মে) বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। এতে তারা বলেন, দেশের করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। এরই পরিপ্রেক্ষিতে সরকার সংক্রমণরোধে সাধারণ ছুটির মেয়াদ কয়েক দফায় ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে। তবে পোশাক কারখানা চালু রাখা এবং সীমিত আকারে দোকানপাট খোলার অনুমতির সুযোগে মানুষের অসচেতনভাবে চলাচল বৃদ্ধি পেয়েছে। রাজধানীতে যাত্রীবাহী বাস ছাড়া বাদবাকি সব ধরনের যানবাহন উদ্বেগজনক হারে চলছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। গত ২৬ মার্চ থেকে সারাদেশে যাত্রীবাহী গণপরিবহন বন্ধ থাকার পরেও কয়েক দফায় কর্মজীবী ও শ্রমজীবী মানুষ নানা উপায়ে গাদাগাদি করে রাজধানী থেকে বাড়ি গেছেন এবং বাড়ি থেকে রাজধানীতে ফিরেছেন। অপরিণামদর্শী এমন আচরণ করোনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এতে আরও বলা হয়, দেশে চলমান সাধারণ ছুটির মধ্যেই ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকার জনগণকে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপনের আহবান জানিয়েছে। এজন্য যাত্রীবাহী গণপরিবহন বন্ধ রাখাসহ ঈদের আগের চার দিন ও পরের দুই দিন অন্য সব যানবাহন চলাচলে কঠোর নির্দেশনা জারি করেছে। তারপরও মানুষকে থামানো যাচ্ছে না। মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী পরিবহন, ক্ষুদ্র ও হালকা যানবাহনের মাধ্যমে মানুষ বাড়ি ফিরছে। গত কয়েকদিন ধরে সড়ক-মহাসড়ক ও ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে করোনা সংক্রমণ দেশব্যাপী ভয়াবহভাবে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঈদ উদযাপন মানেই কর্মস্থল থেকে যেকোনও মূল্যে বাড়ি ফেরা এবং আত্মীয়-স্বজনের বাড়িতে ঘোরাঘুরি করা’, এটা আমাদের ঐতিহ্য। মূলত ঈদ উদযাপনের এই সংস্কৃতি করোনা সংক্রমণের মাধ্যমে আমাদেরকে একেবারে খাদের কিনারে নিয়ে যাবে।

এমন আতঙ্কিত বাস্তবতায়- জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সব নৌ-টার্মিনাল, বড় ব্রিজ, জেলার প্রবেশপথ এবং সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে পাহারা বসানোর আহ্বান জানানো হয়। এ অবস্থায় রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদের আগে-পরে ১০ দিন সারাদেশ লকডাউন করার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status