ইকুয়েডরের সেনা ও পুলিশ দেশটির বন্দর নগরী গুয়াকুইলের রাস্তা ও বাসা-বাড়ি থেকে করোনা আক্রান্ত ১৫০ জনের মরদেহ উদ্ধার করেছে।
সরকার সতর্কবার্তা দিয়ে বলেছে, আগামী মাসগুলোতে দেশটির নগরী ও আশপাশের এলাকায় করোনায় আক্রান্ত হয়ে ৩,৫০০-এর বেশি মানুষ মারা যেতে পারে।
সংবাদ সংস্থা ডেইলি মেইলের খবরে জানা যায়, ইকুয়েডরের দ্বিতীয় বৃহত্তম নগরী গুয়াকুইলের বাসিন্দারা এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তায় পড়ে থাকা মরদেহের ভিডিও প্রকাশ করে। অনেকে তাদের বাড়ি থেকে মরদেহ সরিয়ে নেয়ার জন্য কর্তৃপক্ষকে বার্তা পাঠায়। এদিকে দেশটির কর্তৃপক্ষ মরদেহ থেকে দূরে থাকার নির্দেশনা দেয়ার বাড়িতে থাকা মরদেহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।
জানা গেছে, সরকারের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে মরদেহ থেকে দূরে থাকার বার্তা সম্প্রচারের জন্য ক্ষমা চেয়েছেন।
উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে করোনাভাইরাস মহামারি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এ ভাইরাসে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৩,১৬০ জন এবং মারা গেছেন ১২০ জন।