ভারতীয় ক্রিকেট ইতিহাসে অনেকেই তাঁকে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলে মনে করেন। এ বার সেই সৌরভ গাঙ্গুলীকে তাঁর তৈরি সেরা ভারতীয় দলের অধিনায়ক বেছে নিলেন শেন ওয়ার্ন।
গতকাল বুধবার ইনস্টাগ্রামে নিজের পছন্দের সেরা ভারতীয় একাদশ গড়েন অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগস্পিনার ওয়ার্ন। তাঁর এই দলে রয়েছেন শচীন টেন্ডুলকার থেকে নভজ্যোত সিংহ সিধু। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহালি নেই। অবশ্য তার নেপথ্যে ক্রিকেটীয় কারণ নেই।
এ ব্যাপারে ইনস্টাগ্রাম পোস্টে ওয়ার্ন লিখেছেন, 'আমি যে সব ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে খেলেছি, তাদের মধ্যে থেকেই সেরা একাদশ বেছে নিলাম। যে কারণে ধোনি বা কোহালির নাম এখানে উঠছে না। ধোনি সম্ভবত ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান। আর কোহালি হলো সব ধরনের ক্রিকেট মিলিয়ে অন্যতম সেরা।'
ওয়ার্নের এই দলে ভিভিএস লক্ষ্মণের না থাকাটা অনেককেই অবাক করেছে। কারণ ইডেনে অজিদের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন। লক্ষ্মণের সেই সেরা ইনিংসের কথা এখনও ভোলেননি ক্রিকেটপ্রেমীরা। তাঁকে বাইরে রাখা প্রসঙ্গে ওয়ার্নের ব্যাখ্যা, 'আমি চেয়েছিলাম, সৌরভই দলটার অধিনায়ক হোক। আর সৌরভকে রাখতে হলে লক্ষ্মণকে বাইরে রাখা ছাড়া উপায় ছিল না।'
এ ছাড়াও ওপেনার হিসেবে দলে সিধুকে রাখার পিছনেও একটা ব্যাখ্যা দিয়েছেন শেন ওয়ার্ন। সর্বকালের অন্যতম সেরা এই স্পিনার বলেন, '‘স্পিনের বিরুদ্ধে সিধু হল আমার দেখা সব চেয়ে ভাল ব্যাটসম্যান। এমনকি আমি যে সব স্পিনারের সঙ্গে খেলেছি, তারা সবাই আমাকে বলেছে সিধু স্পিনের বিরুদ্ধে দুরন্ত ব্যাট করত। তাই ওকে দলে রাখতেই হত।'
এদিকে দলে হরভজন এবং কুম্বলের জায়গা পাওয়া নিয়ে ওয়ার্নের ব্যাখা, 'লেগস্পিনার হিসেবে কুম্বলে হয়তো বল বিশাল ঘোরাতে পারত না, কিন্তু ও পিচ থেকে বাউন্স আদায় করে নিতে পারত। তা ছাড়া ওর বিশেষ দক্ষতাও ছিল।'
প্রাক্তন ভারতীয় লেগস্পিনারকে নিয়ে তিনি আরো বলেন, 'কুম্বলের ক্রিকেট মস্তিষ্কের প্রশংসা না করে উপায় নেই। ও খেলাটা খুব ভালো বুঝত। এমনিতে চুপচাপ ছেলে ছিল তো কী, মাঠে দারুণ প্রতিদ্বন্দ্বী ছিল। সাফল্যের খিদেটা অসম্ভব বেশি ছিল।'