ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনার খবর শুনে মাস্কের দোকানে উপচেপড়া ভিড়, বেড়েছে দামও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 10:33 PM

করোনার খবর শুনে মাস্কের দোকানে উপচেপড়া ভিড়, বেড়েছে দামও

করোনার খবর শুনে মাস্কের দোকানে উপচেপড়া ভিড়, বেড়েছে দামও

ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এদের মধ্যে দুজন ইতালিফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এ তিনজন ছাড়া আরও দুজনকে করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রোববার বিকেলে রাজধানীতে আইইডিসিআরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এদের বয়স ২৫ থেকে ৩৫ বছর। দুইজন ইতালি ফেরত। একজনের সংস্পর্শে পরিবারের আরেকজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে যেন মাস্ক কেনার হিড়িক পড়ে যায়। ফার্মেসি, স্টেশনারি দোকান এমনকি ফুটপাতের দোকানেও মাস্ক কিনতে এক ধরনের মাতামাতি সৃষ্টি হয়। হঠাৎ মাস্কের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত দামে এসব মাস্ক বিক্রি করেন কিছু অসাধু দোকানি। অনেকটা আতঙ্কের কারণে বাধ্য হয়ে বেশি দামেই এসব মাস্ক কিনছেন সাধারণ মানুষ।

যদিও প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন, আক্রান্ত রোগীদের হাসপাতালে রেখে লক্ষণ-উপসর্গভিত্তিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। তারা বর্তমানে ভালো আছেন। এ মুহূর্তেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।

তবে সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি বলে উল্লেখ করেন তিনি।

রাজধানীর বাড্ডায় ফুটপাতে মাস্ক বিক্রি করা একটি দোকানে দেখা যায়, মাস্ক কিনতে সাধারণ মানুষের ব্যাপক ভিড়। সবাই মাস্ক কিনছেন নিজের জন্য এবং পরিবারের সদস্যদের জন্যও।

সাব্বির আহমেদ নামে এক ক্রেতা বলেন, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এমন খবর শোনার পর নিরাপদে থাকতে মাস্ক কিনে নিচ্ছি। যদিও এই সুযোগে বেশি দামে তারা বিক্রি করছে। চায়না মাস্ক ১০০ থেকে ১২০ টাকা আর বাংলাদেশি মাস্ক ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি করছে তারা। বলতে গেলে আগের চেয়ে কয়েকগুণ বেশি দাম।

ফুটপাতের মাস্ক বিক্রেতা বলেন, হঠাৎ করে মাস্ক বিক্রি বেড়ে গেছে। সবাই মাস্ক কিনছে তিন-চারটা করে। তাই নিমেশেই সব শেষ হয়ে গেছে। এখন খালাতো ভাইকে দোকেনে রেখে আমি আরও মাস্ক কিনতে মোকামে যাচ্ছি। আগের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে এসব মাস্ক বিক্রি করলাম, কারণ মোকামেও এসবের দাম বেড়ে গেছে।

সুযোগে সংকটের কথা বলে আবারও একই কাজ করছে ফার্মেসি ব্যবসায়ীরা। ‘জোগান নেই অজুহাতে’ বেড়েছে মাউথ মাস্কের, অ্যান্টি ডাস্ট মাস্কের (সার্জিক্যাল মাস্ক) দাম। রাস্তায়, ফুটপাতে, বিভিন্ন অনলাইন শপে মাস্ক বিক্রি হলেও ফার্মেসিগুলোতে মাস্কের সংকট দেখা দিয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাস প্রথম দেখা দেয়। পরে চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। চীনের বাইরে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। ইতালি থেকে পুরো ইউরোপ এবং আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে এ ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে আগেই পৌঁছেছে করোনাভাইরাস। এর মধ্যে ভারতে এ ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ধরা পড়েছে। বাংলাদেশে সংক্রমণের খবর এলো রোববার।

করোনায় আশাব্যঞ্জক খবর এসেছে চীনের উহান থেকেই। দুই মাস আগে চীনের এই অঞ্চলেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। হুবেই প্রদেশের রাজধানী উহানে নতুন রোগী আরও কমেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status