ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কক্সবাজারে ভুল করে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাংচুর চালাল পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 11:18 PM

কক্সবাজারে ভুল করে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাংচুর চালাল পুলিশ

কক্সবাজারে ভুল করে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাংচুর চালাল পুলিশ

কক্সবাজারের চকরিয়ায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর বাড়িতে পুলিশি হামলার ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশের সদস্যরা মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেন বাঙ্গালীর স্ত্রী ও ছোট এক ছেলেসহ কয়েকজনকে পিটিয়ে আহত করে। ব্যাপকভাবে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। একজন নারী ও এক যুবককে থানায় ধরে নিয়ে পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলার উত্তর লক্ষ্যারচরে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে ভুল তথ্যের কারণে এ ঘটনা ঘটেছে।

মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর ছেলে আনোয়ারা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল করিম মো. তারেক জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চকরিয়া থানার একদল পুলিশ তাদের উত্তর লক্ষ্যারচরস্থ বাসভবনে হানা দেয়। পুলিশের সদস্যরা বাড়ির আসবাবপত্র ভাংচুর ও জিনিসপত্র তছনছ করে দেয়।

এ সময় বঙ্গবন্ধুর একটি ছবিও ভাংচুর হয়। তাদের বাড়ির আলমিরা ভেঙ্গে পুলিশ সদস্যরা ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকা ও ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১টি মোটরসাইকেল নিয়ে যায়।

পুলিশ সদস্যের মারধরে মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেন বাঙ্গালীর স্ত্রী লক্ষ্যারচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নেছারা বেগম (৬৫), ছেলে মুরাদুল করিম সিফাত (২৮), ছেলের স্ত্রী শাহেদা বেগম (৩২) ও তাদের বাড়িতে বেড়াতে আসা মেহমান মো. হাসান (২৫) আহত হন।

মরহুম আনোয়ার হোসেন বাঙ্গালীর ছেলে, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিমের স্ত্রী শাহেদা বেগম ও বেড়াতে আসা মেহমান মো. হাসানকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের থানা থেকে ছেড়ে দেয়া হয়। পুলিশ ভাংচুর ও লুটপাটের কথা সত্য নয় বলে জানান।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, একই দিন ওই একই এলাকায় সাগর নামের এক সন্ত্রাসীকে ধরতে যায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। পুলিশের ওপর হামলাকারীদের ধরার জন্য পুলিশি অভিযানকালে ভুল তথ্যের কারণে এ ঘটনা ঘটেছে। তিনি তাৎক্ষণিক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর বাসভবনে গিয়ে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।

আনোয়ার হোসেন বাঙ্গালীর ছেলে এমকে মোহাম্মদ মিরাজ জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা গোলাম মোস্তফা কাইছারের ইন্ধনে পুলিশ এ ঘটনা ঘটিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status