ভারতের রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে শহরটির সব প্রাথমিক স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার এক টুইট বার্তায় দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মনিশ শিশোদিয়া এ কথা জানান। তিনি বলেন,‘দিল্লি সরকারের সাহায্যপ্রাপ্ত প্রাইমারি স্কুল, পৌরসভা পরিচালিত প্রাইমারি স্কুল এবং বেসরকারি প্রাইমারিসহ সব স্কুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শিশুদের মধ্যে যাতে করোনাভাইরাস না ছড়িয়ে পড়ে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার অবিলম্বে প্রাথমিক স্কুলগুলো বন্ধের নির্দেশ দিয়েছে।’
ভারতে সর্বশেষ ৩০ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তাদের মধ্যে আছেন ১৬ জন ইতালিয় পর্যটক। এছাড়া বিশ্বজুড়ে এই ভাইরাসে তিন হাজার ৩০৮ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন প্রায় ৯৭ হাজার মানুষ। সূত্র: ইন্ডিয়া টাইমস