মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসা প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। প্রকাশ্যে এভাবে ভারতের প্রধানমন্ত্রীকে প্রতিহতের ডাক দেয়ায় সরকার বিব্রত কিনা জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা মোটেও বিব্রত নই। আমরা মনে করি যারা এটা করছেন তাদের করা উচিৎ হচ্ছে না।
তিনি বলেন, কারণ মুজিববর্ষকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো উচিৎ। অবশ্যই এটা একটা হাইয়েষ্ট লেবেলের একটা সফর ও অনুষ্ঠান। নিরাপত্তার বিষয়টাতো সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ে নিজ দফতরে ভারতের পররাষ্ট্র সচিব শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মোদির সফর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে তাদের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তাদের সাথে কোন প্রকার সংঘাত সংকুলের কারণ হয়নি। এটা তাদের রিঅ্যাকশন প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল মতের লোকজন।তিনি বলেন, এখানে রিলিজিয়াসলি বিষয়টি অনেকে দেখছে, কাজেই এটা সব সময় ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে। কাজেই এর মধ্যেই সম্পর্ক এগিয়ে যাবে।
নরেন্দ্র মোদীর সফর নিয়ে তাদের কোন পরামর্শ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই নিয়ে তারা কিছু বলেনি। তারা মনে করেন যে এই সফর ভালো সফর হবে। বাংলাদেশের জনগণ ৭১ এর বন্ধনকে স্মরণ করে ভালোভাবে নেবে। ল নরেন্দ্র মোদি মুলত আসছেন মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে। কাজেই অতিথির সঙ্গে বাংলাদেশের মানুষ ভালো ব্যবহার করবে, এটাই তারা প্রত্যাশা করে।