ফিল হিউজ যেন আজও ক্রিকেট বিশ্বের জন্য এক তাজা যন্ত্রণার নাম মাথায় বলের আঘাত লেগে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন এই অজি তারকা। এবার যেন ফিল হিউজের স্মৃতিই ফিরতে যাচ্ছিল হারারে টেস্টে। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে আগের ম্যাচে অভিষিক্ত স্বাগতিক জিম্বাবুয়ের ব্যাটসম্যান কেভিন কাসুজা বেশ আঘাত পেলেও বড় কিছু হয়নি, এটাই স্বস্তির।
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজেই অভিষেক হয়েছে কাসুজার। হারারেতে বুধবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকালে এই ঘটনা ঘটে। কুসল মেন্ডিসের পুল শট সরাসরি কাসুজার হেলমেটে গিয়ে লাগে। সাথে সাথে মাটিতে পড়ে যান তিনি। সাথে সাথে জিম্বাবুয়ের এই ডানহাতি ওপেনারকে মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়। তার কনকাশন সাব হিসেবে তিমাইসেন মারুমার নাম ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন কাসুজা। কাকতালীয় ব্যাপারটা হলো, ওই ম্যাচেও দ্বিতীয় ইনিংসে হেলমেটে বল লাগার কারণেই ব্যাট করতে পারেননি তিনি। কুসল মেন্ডিসের পুল শটে বল গিয়ে শর্ট লেগে ফিল্ডিংয়ের দাঁড়ানো কেভিন কাসুজার হেলমেটে লেগে স্কয়ার লেগে থাকা কার্ল মুম্বার তালবন্দি হয়। মেন্ডিস আউট হয়ে যান। আর মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন কাসুজাও। ওই ম্যাচে তার কনকাশন সাব ছিলেন ব্রায়ান মাদজিঙ্গানিয়ামা।