ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোবাইলে বাজিতে লুডু খেলার জন্যই প্রাণ দিতে হল সবুরকে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 September, 2019, 6:26 PM

মোবাইলে বাজিতে লুডু খেলার জন্যই প্রাণ দিতে হল সবুরকে

মোবাইলে বাজিতে লুডু খেলার জন্যই প্রাণ দিতে হল সবুরকে

ব্রাহ্মণাবড়িয়ার আশুগঞ্জ উপজেলার ট্রাকচালকের সহযোগী সবুর (২০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বাজিতে মোবাইলে লুডু গেম খেলার টাকা নিয়েই সবুরকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান তিনি। সবুর জেলার আশুগঞ্জ উপজেলার চারচারতলা গ্রামের মৃত রহমত আলীর ছেলে। গত ৫ জুন সকালে চরচারতলা গ্রামের সারকারখানা সড়কে একটি ট্রাক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা হনুফা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, মামলাটি প্রথমে আশুগঞ্জ থানার এসআই শীবাস চন্দ্র দাস তদন্ত করেন। পরবর্তীকালে আসামি গ্রেফতার ও হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের জন্য মামলাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. সোহেল কামালের কাছে হস্তান্তর করা হয়।

ক্লুহীন এই হত্যা মামলার রহস্য উদঘাটনে অনুসন্ধানে জানা যায়, চরচারতলা গ্রামের নিলু মিয়ার ছেলে মো. সুজন (২৮) এবং একই গ্রামের মো. মান্নানের ছেলে মো. রমজান (২০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

পুলিশ সুপার আরও জানান, গত ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটি এলাকা থেকে আসামি মো. সুজনকে এবং ৭ সেপ্টেম্বর নরসিংদীর বেলাবো থানার নারায়ণপুর গ্রাম থেকে আসামি মো. রমজানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তারা হত্যকাণ্ডের বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জবানবন্দিতে তারা জানায়, নিহত সবুর প্রায়ই বাজিতে মোবাইল ফোনে লুডু গেম খেলত সুজন ও রমজানের সঙ্গে। গত ৪ জুন দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রমজান ও সুজনের সঙ্গে ট্রাকে বাজিতে লুডু গেম খেলতে বসে। রাত সাড়ে ৩টা থেকে ৪টার দিকে লুডু খেলায় সবুরের কাছে হেরে যায় সুজন ও রমজান।

পরে সজুন ও রমজান খরচের জন্য সবুরের কাছে কিছু টাকা চান। কিন্তু সবুর টাকা দিতে অপারগতা প্রকাশ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রমজান সবুরকে ঘুষি মারে। নিহত সবুরও রমজানকে ঘুষি মারে। একপর্যায়ে রমজান সবুরকে ডান গালে ঘুষি মারলে সে ট্রাকের স্ট্রিয়ারিংয়ের ওপর পড়ে জ্ঞান হারিয়ে ফেলে।

সুজন ট্রাকের ভেতরে সবুরের দুই পা চেপে ধরে এবং রমজান ট্রাকের ভিতর থাকা রশি দিয়ে তার গলায় ফাঁস দেয়। পরবর্তীকালে সবুরের মৃত্যু নিশ্চিত করতে রমজান ও সুজন কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তারা দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) মো. আবু সাঈদ, ডিআইও-১ (বিশেষ শাখা) ইমতিয়াজ আহম্মেদ, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status