ছাত্র ইউনিয়নের শীর্ষ ৫ নেতাকে হত্যার হুমকির ঘটনায় শাহাবাগ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। শনিবার দুপুরে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদি হাসান নোবেল বাদী হয়ে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, শুক্রবার (২৬ জুলাই) দুপুরে আমার নামে রেজিস্ট্রিকৃত একটি উড়োচিঠি আসে। এতে আমিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়েজ উল্লাহ, ঢাকা জেলা সভাপতি আরিফুল ইসলাম সাব্বির, ঢাকা মহানগর সভাপতি জহর লাল রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সভাপতি নজির আমিন চৌধুরী জয়কে হত্যার হুমকি দেয়া হয়। এবং আমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরে যেতে বলা হয়। অন্যথায় আমাদেরকে হত্যা করা হবে। এবং ইসলাম প্রতিষ্ঠা করা হবে।
অভিযোগে আরও বলা হয়, চিঠির প্রেরক হিসেবে জনৈক আব্দুল হালিমের নাম উল্লেখ করা আছে। প্রেরকের ঠিকানায় উপজেলা রোড, বোরহানউদ্দিন দেয়া হলেও চিঠিতে চরফ্যাশন পোস্ট অফিসের সিল রয়েছে।
অভিযোগে বলা হয়, এরপর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দদের নিরাপত্তা নিশ্চিত করাসহ হুমকিদাতাদের অনতিবিলম্বে গ্রেফতার করার দাবি জানান তারা।
এপ্রসঙ্গে শাহাবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ছাত্র ইউনিয়নের শীর্ষ ৫ নেতাকে হত্যার হুমকি দিয়ে রাজধানীর মুক্তি ভবনে একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, 'স্যার, দিস ইজ নট এনিমি। দিস ইজ এ ফ্রেন্ড। গো আউট ফ্রম দ্যা ডিইউ/জেইউ ক্যাম্পাস অর উইল কিল ইউ। উই উইল স্টাবলিশ ইসলাম।'
ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান নোবেল অভিযোগ করেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় ছাত্র ইউনিয়ন নেতারা ধর্মীয় জঙ্গিদের টার্গেট হয়ে থাকতে পারে।