ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘ভুল সিদ্ধান্তে’ জনবিচ্ছিন্ন বিএনপি, অতি কৌশলের বলি ফখরুল, দাবি তথ্যমন্ত্রীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 7:20 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 7:41 PM

তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ক্রমাগতভাবে ‘ভুল সিদ্ধান্ত’ গ্রহণের কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রে জনগণের প্রতিপক্ষ হয়ে গেছে। আর দলটির অতি কৌশলের বলি হচ্ছেন তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’



সোমবার (৬ মে) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ‘বিএনপি’র সংসদে না যাওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা স্বীকার করেছেন’- এ বিষয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

‘বিএনপি সবকিছু দেরিতে বোঝে’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম শেষ পর্যন্ত স্বীকার করেছেন, সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত, সেটি ভুল ছিল। বিএনপি গত কয়েক বছরে বহু ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই ভুল সিদ্ধান্তগুলোর মাশুল এখন বিএনপিকে দিতে হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল বিএনপির বড় ভুল এবং আত্মহননের মতো।’

তিনি বলেন, ‘ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে, মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে, হরতাল অবরোধের নামে জনগণকে দিনের পর দিন অবরুদ্ধ করে রেখে বিএনপি জনগণকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিল। একটি গণমুখী দলের জন্য যা কখনোই সমীচীন নয়।’

একাদশ জাতীয় নির্বাচনেও অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েও কার্যত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই- এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘গত নির্বাচনে বিএনপি প্রথমে সিদ্ধান্তহীনতায় ভুগছিল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। শেষ প্রান্তে গিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিলেও নির্বাচনে অংশগ্রহণ করেও করে নাই।’

তিনি বলেন, ‘বিএনপি যদি গত নির্বাচনে প্রথম থেকে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করতো এবং অংশগ্রহণ করার পর তারা যে মনোনয়ন বাণিজ্য করেছে, তা যদি না করতো, তাহলে তাদের ফলাফল আরও ভালো হতে পারতো।’

বিএনপির পাঁচজন শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম করেন নাই- এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি বিএনপির অতি কৌশলের বলি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাঁচজন শপথ নিয়েছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন না কেন- সে রহস্য তিনিই ভালো বলতে পারবেন। তবে বিএনপি বহুবিধ কৌশল করতে চেয়েছে এবং সেই কৌশলের বলি হচ্ছেন মির্জা ফখরুল।’

ড. রেজা কিবরিয়াকে গণফোরামের নতুন সাধারণ সম্পাদক করা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে বাস্তবতা হলো, গণফোরাম কখনোই গণমুখী দল হয়ে উঠতে পারেনি। তাদের যে সাংগঠনিক পরিবর্তন, আমি মনে করি এতে বাস্তবতার কোনও পরিবর্তন হবে না।’

‘গণমুখী মানুষ ব্যতিরেকে দলকে গণমুখী করা যায় না’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘একজন রাজনীতিবিদ হিসেবে সাধারণ মানুষ বা গ্রামের মানুষের সঙ্গে ওঠা-বসা, তাদের সাথে কথা বলা, তাদেরকে আপন করে নেয়া- এই শক্তি সামর্থ্য যদি কোনও রাজনীতিবিদের না থাকে, সেই রাজনীতিবিদ জনগণ থেকে সবসময় বিচ্ছিন্ন থাকবে। সুতরাং আমি মনে করি গণফোরাম অতীতে যেমন গণমুখী দল হয়ে উঠতে পারে নাই, এই পরিবর্তনেও গণফোরামের কোনও পরিবর্তন আসবে না। বরং তা গণফোরামকে জনগণ থেকে আরো বিচ্ছিন্ন করে কি না সেটিই দেখার বিষয়।’ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status