প্রকাশ: Monday, 6 May, 2019, 5:20 PM সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 6:14 PM
পূজা-দীঘি
দীঘি ও পূজা। একজন আপকামিং ঢালিউড নায়িকা অন্যজন সময়ের আবেদনময়ী হালের প্রতিষ্ঠিত নায়িকা। সোমবার দুপুরে ফলাফল ঘোষণার পর জানা গেছে, অভিনেত্রী দীঘি ‘এ-মাইনাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তারপ্রাপ্ত নম্বর ৩.৬১। তবে এ রেজাল্ট নিয়ে মোটেও খুশী নয় দীঘি। অপরদিকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাশ করেছেন পূজা চেরী। তার প্রাপ্ত পয়েন্ট জিপিএ ৪.৩৩। রেজাল্ট নিয়ে পূজা ও তার পরিবার ব্যাপক খুশী।
ঢাকা বোর্ডের অধীনে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার একটি স্কুল থেকে পূজা চেরী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। স্কুলের নাম জানাতে অনিচ্ছা প্রকাশ করে পূজা বলেন, স্কুলের নামটা না বলি। বাণিজ্য বিভাগ থেকে ‘এ গ্রেডে’ উত্তীর্ণ হয়েছি আমি, জিপিএ পেয়েছি ৪.৩৩। এই রেজাল্টে খুব খুশি হয়েছি আমি। আমার পরীক্ষার ফলাফলে পরিবারের সবাই খুশি। এখন ইচ্ছে ভালো একটা কলেজে পড়ার। রেজাল্ট অনুযায়ী কলেজ সিলেকশন আসবে, সেখান থেকে পছন্দ করতে হবে। তারপরও চেষ্টা থাকবে ভালো কলেজ থেকে এইচএসসি দেয়া। ‘বাবা-মা চেয়েছেন, আমি যেন পড়াশোনায় ফাঁকি না দিই। এখনো পর্যন্ত তাদের আমাকে নিয়ে কোনো অভিযোগ নেই। আসলে অভিনয়ের পাশাপাশি গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করতে চাই। সেই প্রচেষ্টায় কোনো ফাঁক রাখতে চাই না।’
চলচ্চিত্র পরিবারের সন্তান দীঘি স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিলো।তার বাবা সুব্রত জানান, তার রেজাল্ট আশাব্যঞ্জক হয়নি। দীঘি তার ফলাফলে খুশি হতে পারেনি। আশা ছিল আরও ভালো কিছু হবে। তাই মন খারাপ করেই বসে আছে। প্রতিটি বিষয়ে ভালোই করেছে, তবে একটি বিষয়ে ফলাফল কিছুটা খারাপ হওয়ায় পয়েন্ট কমে গেছে। তারপরও এতেই আমরা খুশি। সামনে ভালো কলেজে ভর্তির চেষ্টা থাকবে।
উল্লেখ্য, বাবা সুব্রত বড়ুয়া ও মা প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দোয়েলের একমাত্র মেয়ে দীঘি। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীনফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ তার অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর দাদীমা, চাচ্চু, বাবা আমার বাবা, ১ টাকার বউ ও অবুঝ শিশুর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নেন।
মধ্যবিত্ত পরিবারের মেয়ে ঢাকাই ছবির হালের অভিনেত্রী পূজা চেরি। বাবা ব্যবসায়ী ও মা গৃহিনী। শিশুশিল্পী হয়ে চলচ্চিত্রে এসেছিলেন। বিজ্ঞাপনে নজর কাড়েন। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নূর জাহান, পোড়ামন ২, দহন এসব ছবির মাধ্যমে পূজা ব্যাপকভাবে আলোচনায় আসেন। ছবিগুলোতে অভিনয় করে ঢাকাই সিনেমায় বেশ প্রশংসা কুড়িয়েছেন।