“স্বনির্ভর প্রাণিসম্পদ গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, দুর্গাপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি শিক্ষাবিদ এম এ জিন্নাহ, সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গনি, দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মতবিনিময় সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগির উৎপাদন বৃদ্ধি, প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং প্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি খামারি ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি ও আধুনিক খামার ব্যবস্থাপনার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।