চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও স্বজনদের সঙ্গে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে ৩০ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের আগে কয়েক দিন ধরে সাদা পোশাকে ব্যাটালিয়নের সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান করে দালালদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। এ সময় তাদের কার্যক্রমের ভিডিও ধারণ ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়।
এসআরবি অধিনায়ক জানান, দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালে দালালদের তৎপরতা নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছিল। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগী ও তাদের স্বজনদের টার্গেট করত দালাল চক্র। নানা ধরনের সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা হতো।
তিনি বলেন, দালালরা কখনো ওষুধ সরবরাহ, কখনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, আবার কখনো চিকিৎসকের সিরিয়াল ও হাসপাতালের শয্যা পাইয়ে দেওয়ার কথা বলে রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। চিকিৎসাসেবা নিতে এসে অনেক রোগী ও স্বজন এসব প্রতারণার শিকার হচ্ছিলেন।
তিনি আরও জানান, অভিযানে সংগৃহীত তথ্য-প্রমাণ যাচাই করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ প্রক্রিয়ায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।
এদিকে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তছলিম উদ্দিন জানান, এসআরবির অভিযানের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অবগত রয়েছে এবং অভিযানে সহযোগিতা করা হচ্ছে।
তিনি বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ঘিরে অনিয়ম ও দালালদের তৎপরতা কমাতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।