শ্রীবরদী সীমান্তের কর্ণঝোড়া বাজার থেকে ২ কিশোরকে আটক করেছে বিজিবি
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Tuesday, 24 November, 2026, 4:35 PM
শ্রীবরদী সীমান্তের কর্ণঝোড়া বাজার থেকে ২ কিশোরকে আটক করেছে বিজিবি
শেরপুরের শ্রীবরদী সীমান্তের কর্ণঝোড়া বাজারে সন্দেহভাজন ভাবে সীমান্ত এলাকাতে অহেতুক ঘোরাফেরা করার সময় ২ কিশোরকে আটক করেছে কর্ণঝোড়া বিওপির বিজিবি সদস্যরা। ২৪ শে নভেম্বর মঙ্গলবার সকালে কর্ণজোড়া বাজার এলাকা থেকে তাদের আটক করে কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা। আটককৃতরা হলো নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পূর্ব গোবিন্দপুর গ্রামের কৃষ্ণচন্দ্র পদ দাসের পুত্র অপু চন্দ্র দাস( ১৭) ও হাতিয়া উপজেলার মৌলভী মহাদেব বাড়ি গ্রামের শিপন জল দাসের পুত্র চন্দন জল দাস (১৩)। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সকালে সীমান্তবর্তী কর্নঝোড়া বাজার এলাকাতে ওই দুই কিশোরকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে কর্ণঝোড়া বিজিবির টহল দল ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই দুই কিশোর জানায়, তাদের সাথে বর্ণিত চন্দন জল দাসের মাতা ছিলেন। মা'কে হাড়িয়ে কর্ণঝোড়া এলাকায় তারা ঘোরাঘুরি করতে থাকে। তারা আরও জানায়, ভারতে তাদের দুসম্পর্কের আত্মীয়-স্বজন বসবাস করে এবং ভারতের আত্মীয়দের নিকট গমনের জন্য তারা এসেছেন। কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমান দুই কিশোর আটকের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। তাদের থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।