ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
জবিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে উদ্‌যাপন, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
জবি প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 5:39 PM

জবিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে উদ্‌যাপন, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

জবিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে উদ্‌যাপন, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে উদ্‌যাপন করা হয়েছে। এ আয়োজনে বিভাগের ২১তম ব্যাচের নবীনবরণ ও ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে আমাদের অন্তরে ধারণ করতে হবে। অতীতে সেটি যথাযথভাবে হয়নি বলেই আমাদের প্রতিটি পদে পদে অনেক অপূর্ণতা রয়ে গেছে। এসব অপূর্ণতা নিয়ে আমরা আন্দোলনে সরব থাকি, কিন্তু প্রকৃত অর্থে সেই শূন্যতা পূরণে প্রয়োজনীয় অর্জন নিশ্চিত করার লক্ষ্যে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে খুব একটা দেখা যায়নি। আমরা সেই চেষ্টা শুরু করেছি। আমাদের বিশ্বাস, এই প্রচেষ্টা অব্যাহত রাখতে পারলে কিছুটা হলেও সফলতা অর্জন করা সম্ভব হবে।’

লোক প্রশাসন বিভাগের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, লোক প্রশাসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। এ বিভাগের মূল লক্ষ্যই হলো দেশকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নেওয়া। এ বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশের প্রশাসন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী নেতৃত্ব তৈরি হবে। তাই শিক্ষার্থীদের অবশ্যই প্রকৃত দেশপ্রেমিক হতে হবে এবং দলমতের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করতে হবে। দেশকে অন্তর দিয়ে ধারণ করতে হবে। দেশপ্রেম ও দায়িত্ববোধ অন্তরে ধারণ করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রশাসন ও সরকার পরিবর্তনের পর অনেক সময় নতুন নেতৃত্বকে সহযোগিতা না করে কীভাবে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত করা যায়, সেই প্রতিযোগিতা শুরু হয়। এ ধরনের মানসিকতা দিয়ে কখনো জাতির উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। উন্নত বিশ্বের দেশগুলোতে সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রীয় নীতির ধারাবাহিকতা বজায় থাকে। আমাদেরও এ ধরনের ইতিবাচক রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। হীনম্মন্যতা ও সংকীর্ণ মানসিকতা পরিহার করে প্রশাসনে যাঁরা দায়িত্ব পালন করবেন, তাঁদের গঠনমূলক কাজে সহযোগিতা করতে হবে। কোনো বিষয়ে দ্বিমত থাকলে হিংসাত্মক বা বাধাগ্রস্ত করার মানসিকতা না দেখিয়ে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা তুলে ধরতে হবে।

লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। 

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্‌মাদসহ সহকারী প্রক্টরবৃন্দ, পিআরআইপি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগের ২১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকতার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ১৬তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে জ্ঞানার্জন, নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ ছাড়াও বিভাগটির স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষার্থীদের পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status