ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ দুই ঘন্টা যানজট, মানুষের দুর্ভোগ
ইমতিয়াজ আহমেদ
প্রকাশ: Monday, 2 November, 2026, 5:27 PM
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ দুই ঘন্টা যানজট, মানুষের দুর্ভোগ
শ্রমিক নেতা হাফিজুল ইসলাম ও সেলিম মাহবুবসহ অন্যান্যদের আহবানে সাড়া দেয়নি ফতুল্লা শিল্পাঞ্চলের শ্রমিকরা। উল্টো ভূয়া ভূয়া শ্লোগান দিয়ে শ্রমিকরা নেতাদেরকে দৌড়ানি দেয়। শ্রমিকদের দৌড়ানি খেয়ে নেতারা কোনমতে পালিয়ে বাচেন।
মালিকপক্ষের অভিযোগ, কতিপয় নেতার নেপথ্যের উসকানিতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নেমে এসেছিল কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা সড়কটিতে অবস্থান নিয়ে দুই ঘন্টা অবরোধ করে রেখেছিল। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে।
গতকাল সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকরা। পরে তারা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এসে সেটি অবরোধ করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি শ্রমিক সংগঠনের নেতা বলেন, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমে এসেছে। তারা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করেছেন। এ আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা সভাপতি শাহিন আহমেদ বলেন, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। প্রথমে শিবু মার্কেট এলাকায় আন্দোলন শুরু হলেও পরে তা আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
শ্রমিকদের ক্ষোভের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় শ্রমিকদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জের শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। তবে গত কয়েক দিন নারায়ণগঞ্জে শ্রমিকেরা শান্ত ছিলেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের করেছি।”