|
পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি
নতুন সময় ডেস্ক
|
![]() পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি রোববার ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্সের এ পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় দুটি উদ্যোগের আওতায় অর্থায়নের সুযোগ ও সম্ভাবনা তুলে ধরা হয়। গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পরিবেশবান্ধব কারখানা ও সবুজ শিল্প স্থাপনে বিভিন্ন যোগ্য প্রকল্পে অর্থায়নের সুযোগ রয়েছে। অন্যদিকে, আইসিটি খাতের উন্নয়নে পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে সফটওয়্যার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক, ডেটা অ্যানালিটিকস, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস, ই-কমার্সসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যবসা ও উদীয়মান প্রযুক্তি খাতে অর্থায়নের সুযোগ তৈরি হবে। এ স্কিমে নির্দিষ্ট যোগ্য আইসিটি পণ্য ও সেবার পাশাপাশি আইসিটি খাতের নারী উদ্যোক্তারাও অগ্রাধিকার পাবেন। আইপিডিসির এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদে সম্ভাবনাময় খাতে দায়িত্বশীল অর্থায়নের পাশাপাশি বাংলাদেশের সবুজ ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের প্রক্রিয়াকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নূরুন্নবী। আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও এসএমই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আশিক হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “দায়িত্বশীল অর্থায়ন টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ পুনঃঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের সবুজ অর্থনীতিতে রূপান্তর এবং প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধিতে ভূমিকা রাখা ব্যবসাগুলোর পাশে থাকতে চাই।” টেকসই অর্থায়ন, এসএমই উন্নয়ন ও দায়িত্বশীল ঋণ প্রদানের ওপর গুরুত্ব দিয়ে আইপিডিসি ফাইন্যান্স এমন ব্যবসা ও উদ্যোগে অর্থায়ন অব্যাহত রাখতে চায়, যা দেশের আরও স্থিতিশীল, উদ্ভাবনী ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
