|
২৮ বছর পর উদ্ধার হলো হারানো আংটি
নতুন সময় ডেস্ক
|
![]() ২৮ বছর পর উদ্ধার হলো হারানো আংটি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গ্রেট সাকানডাগা হ্রদে। সম্প্রতি শখের বশে হ্রদের অগভীর পানিতে ধাতব ও পুরোনো জিনিসপত্র খুঁজছিলেন মাইকেল সিগেল ও ডিলান লাপোর্ট। একপর্যায়ে তাদের ধাতু শনাক্তকারী যন্ত্রে বিশেষ সংকেত পাওয়া যায়। সংকেতের উৎস খুঁজতে পানির নিচে তল্লাশি চালিয়ে একটি মাঝারি আকৃতির পাথরের নিচে চকচকে একটি আংটি দেখতে পান ডিলান। আংটিটি পরীক্ষা করে তারা বুঝতে পারেন, এটি ১৯৮৮ সালের রেড ক্রিক হাইস্কুলের একটি স্মারক আংটি। প্রকৃত মালিককে খুঁজে বের করতে ডিলান পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আংটির ছবি প্রকাশ করে সবার সহযোগিতা চান। তবে দীর্ঘদিনেও কোনো সূত্র পাওয়া যায়নি। এরপর তারা রেড ক্রিক হাইস্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। স্কুলের এক নারী কর্মকর্তা আংটির নকশা, সাল ও বিভিন্ন চিহ্ন দেখে এর মালিককে শনাক্ত করেন। জানা যায়, আংটিটি স্কুলটির সাবেক শিক্ষার্থী কিম রাসবের্কের। হারানো আংটি ফিরে পাওয়ার খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন রাসবের্ক। তিনি জানান, ২৮ বছর আগে বন্ধুদের সঙ্গে নৌকায় করে হ্রদে ঘুরতে গিয়ে আংটিটি হারিয়ে ফেলেছিলেন। এত বছর পর সেটি আবার ফিরে পাবেন, তা কখনো ভাবেননি তিনি। আংটি ফিরিয়ে দেওয়ার জন্য মাইকেল ও ডিলানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাসবের্ক তাদের ডাকযোগে আংটি পাঠানোর খরচ দিতে চেয়েছিলেন। তবে দুই অনুসন্ধানকারী সেই অর্থ নিতে অস্বীকৃতি জানান। তারা জানান, কোনো পুরস্কার বা অর্থের প্রত্যাশায় আংটিটি উদ্ধার করেননি। বরং হারিয়ে যাওয়া একটি মূল্যবান স্মৃতি তার মালিকের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে পেরেই তারা আনন্দিত। মাইকেল সিগেল ও ডিলান লাপোর্ট বলেন, ধাতু শনাক্তকারী যন্ত্র নিয়ে ঘুরে পুরোনো ও হারানো জিনিস খুঁজে বের করা তাদের শখ। তবে মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান স্মৃতি ফিরিয়ে দিতে পারাটাই তাদের কাছে সবচেয়ে বড় আনন্দের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
