|
শ্রীপুরে পারিবারিক কলহের জেরে হত্যা: র্যাবের অভিযানে দুই আসামি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে পারিবারিক কলহের জেরে হত্যা: র্যাবের অভিযানে দুই আসামি গ্রেপ্তার র্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, গত ১৮ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে গাজীপুরের শ্রীপুর থানাধীন দারোগারচালা এলাকায় পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মোশারফ হোসেন কাউছার (২৯) বাদী হয়ে ২০ আগস্ট শ্রীপুর থানায় মামলা করেন। মামলায় মো. ফিরোজকে এক নম্বর আসামি করা হয়। এছাড়া ফেরদৌস, জুবেদা, মো. রফিকুল ইসলাম, মিতু, হাবিবুর রহমান ওরফে হাবু, হান্নান, রাকিবসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়। মামলাটি শ্রীপুর থানার মামলা নম্বর-৫৩, তারিখ ২০ আগস্ট ২০২৬। এতে দণ্ডবিধির ৩০২/৩২৫/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। হত্যাকাণ্ডের পর মামলার এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন বলে জানায় র্যাব। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে র্যাব-১-এর সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, সিপিএসসি, গাজীপুর ও র্যাব-৩, সিপিসি-২, মগবাজারের সমন্বয়ে ঢাকার হাতিরঝিল এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে মামলার এক নম্বর আসামি মো. ফিরোজকে হাতিরঝিল থানাধীন মরিয়ম লেন এলাকা থেকে এবং চার নম্বর আসামি মো. রফিকুল ইসলামকে চাঁন মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
