|
বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে গুগলের শিক্ষার্থীদের জন্য তৈরি ওয়েব পেজে দেওয়া তথ্য অনুযায়ী, এই অফারে ১২ মাসের জন্য গুগল এআই প্লাসের মাসিক মূল্য শূন্য টাকা। বাংলাদেশে এই প্যাকেজের স্বাভাবিক মূল্য মাসে ৬০০ টাকা। অর্থাৎ পুরো এক বছর ব্যবহার করলে ৭২০০ টাকার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য অবশ্য গুগল আরো একটু বাড়তি সুবিধা দিয়েছে। সেখানে মাসে ২০ ডলার খরচের গুগল এআই প্রো মিলছে বিনামূল্যে। কীভাবে পাবেন প্রথমে গুগলের শিক্ষার্থীদের জন্য তৈরি জেমিনাই ডটগুগল/বিডি/স্টুডেন্টস পেইজে যেতে হবে। সেখানে গুগল এআই প্লাসের ১২ মাসের বিনামূল্যের অফারটি বেছে নিয়ে নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। এরপর আসবে শিক্ষার্থী পরিচয় যাচাইয়ের ধাপ। গুগল এই যাচাইয়ের জন্য শিয়ারআইডি ব্যবহার করে। শিয়ারআইডি একটি অনলাইন পরিচয় যাচাই প্ল্যাটফর্ম, যেটি বিভিন্ন প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো শ্রেণির সদস্য কি না, যেমন শিক্ষার্থী, শিক্ষক বা সামরিক বাহিনীর সদস্য, তা যাচাই করতে সহায়তা করে। শিয়ারআইডি কীভাবে শিক্ষার্থী পরিচয় যাচাই করে শিয়ারআইডিতে সাধারণত প্রথমে শিক্ষার্থীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নামসহ কিছু মৌলিক তথ্য দিতে হয়। এরপর প্ল্যাটফর্মটি নির্ভরযোগ্য তথ্যসূত্রের সঙ্গে দেওয়া তথ্য মিলিয়ে দেখে শিক্ষার্থী হিসেবে যোগ্যতা নিশ্চিত করার চেষ্টা করে। স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করা সম্ভব না হলে অতিরিক্ত নথি দিতে হতে পারে। সে ক্ষেত্রে শিক্ষার্থী পরিচয়পত্র বা শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া কোনো সরকারি নথির ছবি আপলোড করতে হতে পারে। অর্থাৎ গুগল এআই প্লাসের অফার নিতে শুধু গুগল অ্যাকাউন্ট থাকলেই হবে না। শিক্ষার্থী হিসেবে যোগ্যতাও যাচাই হতে হবে। যাচাই সফল হলে গুগল এআই প্লাসের ১২ মাসের বিনামূল্যের সুবিধা চালু করা যাবে। শিয়ারআইডি বিভিন্ন প্রতিষ্ঠানকে শিক্ষার্থী ছাড়সহ বিশেষ অফারের ক্ষেত্রে গ্রাহকের যোগ্যতা যাচাই করতে সহায়তা করে। স্ট্রিমিং সেবা, পোশাকের দোকানসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিচয় যাচাইয়ে এই প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়। কী থাকছে বিনামূল্যের প্যাকেজে গুগল এআই প্লাসের আওতায় জেমিনাই অ্যাপে বিনামূল্যের পরিকল্পনার তুলনায় দ্বিগুণ ব্যবহারের সীমা পাওয়া যাবে। এর পাশাপাশি জেমিনাইর উন্নত মডেল ও বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা ব্যবহারের সুযোগ থাকবে। পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির জন্য জেমিনাই ও জেমিনাই নোটবুকে ক্লাসের নোট বিশ্লেষণ করা যাবে। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, একসঙ্গে সর্বোচ্চ ২০০ পৃষ্ঠার ক্লাস নোট বিশ্লেষণ করে গবেষণা ও পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা নেওয়া যাবে। লেখালেখি ও ক্যারিয়ার প্রস্তুতির ক্ষেত্রেও বাড়তি সুবিধা থাকছে। প্রথম খসড়া তৈরি, লেখার যুক্তি নিয়ে কাজ এবং নিজের ভাবনা আরও ভালোভাবে সাজাতে জেমিনাই ব্যবহার করা যাবে। ছবি ও ভিডিও তৈরির ক্ষেত্রেও বেশি ব্যবহারের সুযোগ থাকছে। জেমিনাইর বিভিন্ন মডেল ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি করা যাবে। ৪০০ জিবি স্টোরেজও এই অফারের সঙ্গে গুগল ফটোস, গুগল ড্রাইভ ও জিমেইলের জন্য মোট ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ থাকবে। এ ছাড়া প্যাকেজে গুগল ফ্লো, গুগল সার্চে ন্যানো বানানায় বাড়তি সুবিধা, জিমেইলে জেমিনাই এবং জেমিনাই নোটবুকের বাড়তি ব্যবহারের সুযোগ থাকছে। জেমিনাই নোটবুকে গবেষণার জন্য অডিও ওভারভিউ, ভিডিও ওভারভিউ, কুইজসহ বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে। গুগল ফ্লোতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সিনেমাটিক দৃশ্য ও গল্প তৈরির সুযোগও থাকছে। গুগল এআই প্লাসের আওতায় গুগল ফ্লো মিউজিকও ব্যবহার করা যাবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংগীত তৈরির সুবিধা দেয়। এক বছর পর কী হবে? বাংলাদেশে গুগল এআই প্লাসের স্বাভাবিক মূল্য মাসে ৬০০ টাকা। তাই বিনামূল্যের ১২ মাস শেষ হওয়ার পর সাবস্ক্রিপশন চালু থাকলে নিয়মিত মূল্য প্রযোজ্য হবে। যারা শুধু বিনামূল্যের এক বছর ব্যবহার করতে চান, তাদের অফারের শর্তে থাকা নবায়নের নিয়ম খেয়াল রাখা উচিত। বিনামূল্যের মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে অর্থ কেটে নেওয়ার কোনো ব্যবস্থা থাকলে তা আগে থেকেই বুঝে নেওয়া ভালো। গুগল বলেছে, এআই প্লাস ব্যবহারের ক্ষেত্রে বয়সসীমা, ভাষার প্রাপ্যতা, সিস্টেমের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন ফিচারের ব্যবহারের সীমাসহ অন্যান্য শর্ত প্রযোজ্য হতে পারে। তাই অফারটি নেওয়ার সময় শিক্ষার্থীকে গুগল ও শিয়ারআইডির দেখানো নির্দেশনা অনুসরণ করে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। স্বয়ংক্রিয় যাচাই সম্ভব না হলে অতিরিক্ত শিক্ষার্থী পরিচয়পত্র বা নথি চাওয়া হতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
