ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
কাশিমপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত, সফিপুর অফিসেও আকস্মিক পরিদর্শন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 3 August, 2026, 6:36 PM

কাশিমপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত, সফিপুর অফিসেও আকস্মিক পরিদর্শন

কাশিমপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত, সফিপুর অফিসেও আকস্মিক পরিদর্শন

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়ম, দায়িত্বে অবহেলা ও সেবাপ্রত্যাশীদের অভিযোগের প্রেক্ষিতে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া আকস্মিকভাবে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক অফিসের বিভিন্ন নথিপত্র, সেবা কার্যক্রম ও প্রশাসনিক রেকর্ড যাচাই করেন। পাশাপাশি ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ ও অভিজ্ঞতার বিষয়েও খোঁজ নেন। প্রাথমিক তদন্তে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক বলেন, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নন। ফলে সেবাপ্রত্যাশীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং সরকারি বিধি-বিধান অনুযায়ী অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে না।

তিনি জানান, সেবাপ্রত্যাশীদের অসংখ্য অভিযোগ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট তহসিলদারের কাছে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরিদর্শনের সময় প্রয়োজনীয় নথিপত্র এবং অনলাইন নামজারি ব্যবস্থার সফটওয়্যারও উপস্থাপন করতে ব্যর্থ হন সংশ্লিষ্টরা।

এছাড়া দুইজন কর্মকর্তা অনুপস্থিত থাকলেও তাদের দায়িত্ব অন্যদের মাধ্যমে পরিচালনা করা হচ্ছিল, যা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী।

জেলা প্রশাসক আরও বলেন, উপস্থিত কর্মকর্তারাও বিভিন্ন বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরিদর্শনে দীর্ঘদিনের বহু বকেয়া কাজ, প্রশাসনিক দুর্বলতা এবং বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তের অংশ হিসেবে চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকারি বিধি অনুযায়ী তদন্ত শেষে কেউ নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা প্রত্যাহার করা হবে বলেও তিনি জানান।

একই দিনে জেলা প্রশাসক কালিয়াকৈরের সফিপুর ভূমি অফিসও আকস্মিকভাবে পরিদর্শন করেন। সেখানে ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন ভুলত্রুটি চিহ্নিত করে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে এ ধরনের আকস্মিক পরিদর্শন ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভূমি অফিসে সেবার মান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status