|
আমাদের বাংলাদেশের মানুষের তো একটু স্বভাব খারাপ, তারা বই নিয়ে ফেরত দেয় না: মেহের আফরোজ শাওন
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() আমাদের বাংলাদেশের মানুষের তো একটু স্বভাব খারাপ, তারা বই নিয়ে ফেরত দেয় না: মেহের আফরোজ শাওন দিনের শুরুতেই হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন দুই সন্তানকে সঙ্গে নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা প্রয়াত এই কিংবদন্তি লেখকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। শুধু পরিবারের সদস্যরাই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য পাঠক-ভক্তও প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিতে ফুল অর্পণ করেন। অনেকের চোখে ছিল অশ্রু, অনেকের কণ্ঠে ছিল স্মৃতিচারণ। যেন হুমায়ূনের সৃষ্টি আজও মানুষকে টেনে আনে তার প্রিয় আশ্রয় নূহাশ পল্লীতে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। শিশুদের পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং আগতদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন ছিল এ দিনের অন্যতম আকর্ষণ। শিশুদের নির্মল কণ্ঠে কোরআন তেলাওয়াত পুরো পরিবেশকে আরও স্নিগ্ধ ও আবেগঘন করে তোলে। সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা ভক্তরা বলেন, হুমায়ূন আহমেদ কেবল একজন লেখক নন, তিনি বাংলা ভাষার কোটি মানুষের অনুভূতির নাম। তার বই, তার চরিত্র আর তার গল্প আজও পাঠকের হৃদয়ে সমানভাবে বেঁচে আছে। এ সময় মেহের আফরোজ শাওন বলেন, নূহাশ পল্লীর লাইব্রেরি এখনো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। কারণ, বই সংরক্ষণ নিয়ে কিছু বাস্তব সীমাবদ্ধতা রয়েছে। তিনি আরও জানান, আমাদের বাংলাদেশের মানুষের তো একটু স্বভাব খারাপ, তারা বই নিয়ে ফেরত দেয় না। হুমায়ূন আহমেদের জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে নয়, পরিবারের উদ্যোগেই প্রতি বছর যথাযথ মর্যাদায় পালন করা হয় বলেও জানান তিনি। চৌদ্দ বছর পেরিয়ে গেলেও নূহাশ পল্লীর প্রতিটি বৃক্ষ, প্রতিটি পথ আর প্রতিটি নিস্তব্ধতায় যেন আজও মিশে আছে হুমায়ূন আহমেদের স্পর্শ। তিনি নেই, কিন্তু তার সৃষ্টি, তার দর্শন আর পাঠকের অফুরন্ত ভালোবাসা তাকে প্রতিদিন নতুন করে বাঁচিয়ে রাখে। সময়ের সীমানা পেরিয়ে তিনি আজও বাংলার পাঠকের হৃদয়ে এক অনন্ত আলোকবর্তিকা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, ৬ পরীক্ষার্থীসহ ৭ জন আহত
জুলাইয়ে ৩ বিশ্বকাপ ফাইনাল খেলে ৩টিতেই হেরেছে আর্জেন্টিনা
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৬-এ দুটি বিভাগে বিজয়ী উর্মি গ্রুপ
মোহাম্মদপুর রাজস্ব অঞ্চলে নাজিরের বিরুদ্ধে ঘুষ ও দালাল সিন্ডিকেট পরিচালনার অভিযোগ
