|
মদ উদ্ধারের ঘটনায় চট্টগ্রামে ছাত্রদল নেতা বহিষ্কার
মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
|
![]() মদ উদ্ধারের ঘটনায় চট্টগ্রামে ছাত্রদল নেতা বহিষ্কার বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় আবু শাকিলের বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধারের দাবি করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু শাকিল পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তারও করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে বারেক বিল্ডিং এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে ডিবির দক্ষিণ বিভাগ জানতে পারে, মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় মদ কেনাবেচা চলছে। পরে ডিবির একটি দল ক্রেতা সেজে ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যরা আবু শাকিলের বাসায় গিয়ে তার শয়নকক্ষের সামনে অবস্থান নেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আবু শাকিল সেখান থেকে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে পুষ্পেন ব্যানার্জী (৫৮) ও শামসুল ইসলাম (৪৭) নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবু শাকিলের শয়নকক্ষে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এদিকে, পুলিশের অভিযানের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে সাংগঠনিক অবস্থান নেয় ছাত্রদল। বৃহস্পতিবার দেওয়া মহানগর ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ আবু শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। পুলিশ জানিয়েছে, মদ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি এবং পলাতক আবু শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বন্দর থানায় মামলা করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, অভিযানে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক আবু শাকিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
