|
হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা
নতুন সময় প্রতিবেদক
|
![]() হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এই নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি জানান। ডিএমপির একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, ডিএমপির কন্ট্রোল রুম থেকে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় পুরো নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পাশাপাশি ভোরের দিকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত টহল এবং নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের একটি সূত্রে জানা গেছে, ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে ঝটিকা মিছিল বা কোনো কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। এই ধরনের যেকোনো অপরাধমূলক ও অবৈধ কার্যক্রম প্রতিহত করতেই মূলত সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এরই মধ্যে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু প্রচারপত্র জব্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। ঢাকাজুড়ে পুলিশের এই বিশেষ সতর্কতা নিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ দলের দিবস আছে কি নেই, সেটি আমাদের মূল দেখার বিষয় নয় এবং এই মুহূর্তে বড় কোনো হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার ও উসকানিমূলক বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে। ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার আরও জানান, পুলিশ যেকোনো অপরাধীকে প্রতিহত করার জন্য সব ধরনের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপরাধীর অপতৎপরতা ঠেকাতে রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি ও টহল জোরদারসহ পুলিশের নানামুখী কার্যক্রম চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
