|
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭
নতুন সময় প্রতিনিধি
|
![]() ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশালে ২ জন, ময়মনসিংহে ১ জন ও সিলেটে ১ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল সকাল ৮টা থেকে আজ (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন ৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশব্যাপী হাসপাতালগুলোতে হামের মতো উপসর্গ নিয়ে ১,১৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬৮ জনের শরীরে পরীক্ষাগারে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। চলতি বছর বাংলাদেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত ২৩ জন শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৪৪ জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১০ এপ্রিলের মধ্যে পরীক্ষাগারে নমুনা পরীক্ষার মাধ্যমে মোট ২,৪০৯ জনের হাম শনাক্ত হয়েছে। সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, দেশব্যাপী মোট ১৩,৪৯৭ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬,৬০৯ জন রোগী ইতিমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে নতুন করে ১৫ জন শিশু চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমানে মোট ৮৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, 'গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে সবাই মহানগর এলাকার। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে মোট ৩০৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে—এর মধ্যে মহানগর থেকে ১৯০টি এবং উপজেলা পর্যায় থেকে ১১৫টি।' সিভিল সার্জন আরও জানান, নতুন শনাক্ত হওয়া ৮ শিশুর মধ্যে মহানগরে ৬ জন এবং উপজেলা পর্যায়ে ২ জন রয়েছে। এদিকে, চিকিৎসা শেষে গত একদিনে ২১ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
