গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর- ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার ঘটনায় প্রকল্প সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৩মার্চ) দুপুরে ধসে পড়া সড়কটি পরিদর্শন শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় প্রকল্প পরিচালক হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের চিঠি হস্তান্তর করেন।
এ সময় তিনি জানান, আগের গঠিত সব তদন্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন করে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ধসে পড়া সড়ক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তার নির্দেশেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।