ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
স্কটল্যান্ডে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমএসপি প্রার্থী আফিফা খানম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 March, 2026, 10:17 AM

স্কটল্যান্ডে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমএসপি প্রার্থী আফিফা খানম

স্কটল্যান্ডে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমএসপি প্রার্থী আফিফা খানম

স্কটল্যান্ডের রাজনীতিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ ও কমিউনিটি নেত্রী আফিফা খানম। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নারী হিসেবে তিনি আগামী মে মাসে অনুষ্ঠিতব্য স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির এমএসপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। 

তিনি মিড ফাইফ ও গ্লেনরথিস আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই মনোনয়নকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আফিফা খানম পেশায় একজন অভিজ্ঞ শিক্ষক। তিনি গ্লেনরথিস হাইস্কুলের সাবেক প্রিন্সিপাল টিচার এবং কমিউনিটি স্কুল অব অকটার্ডারের ডেপুটি হেডটিচার ও বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষা, মানবাধিকার, সমতা প্রতিষ্ঠা এবং কমিউনিটি উন্নয়নে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করার জন্য তিনি স্কটল্যান্ডের শিক্ষা অঙ্গনে সুপরিচিত।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে আফিফা খানমের জন্ম। ১৯৮২ সালে বিবাহসূত্রে তিনি স্কটল্যান্ডে পাড়ি জমান। নতুন দেশ ও ভাষাগত চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি শিক্ষাজীবন পুনরায় শুরু করেন স্থানীয় কাউন্সিলের ESOL ক্লাসের মাধ্যমে। পরে ক্ল্যাকম্যান কলেজে অধ্যয়ন শেষে ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশনাল লিডারশিপে এমএসসি ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি কমিউনিটি উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তিনি স্কটল্যান্ডে ইন্টারন্যাশনাল উইমেন গ্রুপ প্রতিষ্ঠা করেন। ২০১৮ সাল থেকে গ্লেনরথিসভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান লেইটার লাইফ চয়েসের বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ব্রিটিশ কাউন্সিলের ‘কানেক্টিং ক্লাসরুম’ প্রকল্পের মাধ্যমে স্কটল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন স্কুলের মধ্যে শিক্ষা সহযোগিতা গড়ে তুলতেও তিনি ভূমিকা রেখেছেন।

২০১২ সাল থেকে তিনি স্কটিশ শিক্ষকদের ট্রেড ইউনিয়ন NASUWT–এর সক্রিয় সদস্য এবং স্কটিশ ট্রেড ইউনিয়ন কাউন্সিলের ব্ল্যাক ওয়ার্কার কমিটির সঙ্গেও যুক্ত। রাজনীতিতে তার সম্পৃক্ততা দীর্ঘদিনের; ২০১৮ সালে তিনি ক্ল্যাকম্যানশায়ার কাউন্সিল উপনির্বাচনে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী ছিলেন।

এমএসপি নির্বাচিত হলে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, জীবনযাত্রার ব্যয় মোকাবিলা, পরিবহন ব্যবস্থা ও স্থানীয় অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন আফিফা খানম। প্রায় ৩০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করতে চান।

প্রথমবারের মতো স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে কোনো বাংলাদেশি নারী প্রার্থী হওয়ায় এই মনোনয়নকে স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status