খাল খনন কর্মসূচি ১৮০ দিনের মধ্যে অগ্রগতি দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 2 March, 2026, 7:25 PM
খাল খনন কর্মসূচি ১৮০ দিনের মধ্যে অগ্রগতি দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী
দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে এক হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী ১৮০ দিনের মধ্যেই এ কার্যক্রমের অগ্রগতি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার (২মার্চ) দুপুর ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করা ঐতিহাসিক চৌক্কার খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল বিভিন্ন খাল দখল করে সেখানে মার্কেট ও বসতবাড়ি নির্মাণ করেছে। খাল সরকারি সম্পত্তি এবং জনসাধারণের স্বার্থে সংরক্ষিত উল্লেখ করে তিনি বলেন, জনস্বার্থে বৃহৎ পরিসরে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়।
তিনি আরও জানান, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পরদিন থেকেই কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার ইতোমধ্যে দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম শুরু করেছে। শিল্পকারখানা বন্ধ না করেই পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
খালপাড়ের শিল্পকারখানাগুলোর বর্জ্য নিষ্কাশনের জন্য পৃথক পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকে। চৌক্কার খালের দুই পাশে শিল্পকারখানা ও বসতবাড়ি থাকায় পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও পানি চলাচল স্বাভাবিক রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুরের জেলা প্রশাসক আলম হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহমেদ সিদ্দিকীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।