|
টেকনাফের আলোচিত ইউনূস মেম্বার হত্যা মামলার আসামি রেজাউল করিম গ্রেফতার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() টেকনাফের আলোচিত ইউনূস মেম্বার হত্যা মামলার আসামি রেজাউল করিম গ্রেফতার বুধবার (০৩ ডিসেম্বর) রাতে সদর হাসপাতাল সংলগ্ন ইউনিয়ন হাসপাতালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১৫ এর সদর কোম্পানি ও সিপিসি-১ টেকনাফের যৌথ আভিযানিক দল হাসপাতালের ৭ম তলার পুরুষ ওয়ার্ডের ৫ নম্বর বেড থেকে এজাহারনামীয় ৫নং আসামি রেজাউল করিমকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করে। গত ০৫ নভেম্বর সকালে স্থানীয়দের মাধ্যমে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় কক্সবাজার–টেকনাফ সড়কের একটি ব্রিজের নিচে স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউনূসের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচিত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব সুত্রে জানা যায়, গত ০৪ নভেম্বর রাতে টেকনাফের হ্নীলা দক্ষিণ ফুলের ডেইল এলাকায় স্থানীয় মোঃ আলমের বাড়িতে দাওয়াত খেতে যান ইউনূস মেম্বারসহ ১০-১১ জন। সেখানে পূর্ব শত্রুতার জেরে তাকে আটকে রেখে পরিবারের কাছে ৬০–৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই ভিকটিমের স্ত্রীসহ স্থানীয়রা খুঁজতে গেলে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে আতঙ্ক তৈরি করে। পরদিন সকালে ব্রিজের নিচে ইউনূসের মরদেহ পাওয়া যায়। ঘটনার পর ০৬ নভেম্বর ভিকটিমের স্ত্রী বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই র্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করে আসামীদের খোঁজ করতে থাকে। অবশেষে ০৩ ডিসেম্বর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর হাসপাতাল এলাকার ইউনিয়ন হাসপাতালে অভিযান চালিয়ে রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে র্যাব-১৫ এর হেফাজতে রয়েছেন বলে র্যাবের এ কর্মকর্তা জানিয়েছেন। আটকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
