|
বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচনে যেতে চায় জাতীয় পার্টি
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচনে যেতে চায় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে এককভাবে নয়, বরং জোটগতভাবে ভোটে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তারা। দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, প্রয়োজনে তারা বিএনপি বা জামায়াতে ইসলামীর যেকোনো একটি দলের সঙ্গে জোটে যেতেও আগ্রহী তারা। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে সেক্ষেত্রে জাতীয় পার্টিরও যেমন আসন সংখ্যা বাড়বে, তেমনি যে দলের সাথে জোট হবে তাদেরও আসন ও ভোট বাড়বে।’ দলটি মনে করছে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনো যে ধোঁয়াশা রয়ে গেছে সেটি হয়তো তফসিল ঘোষণার পর কেটে যাবে। তখনই জোটের বিষয়ে আলোচনার উদ্যোগ নেবে দলটি। আগামী নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে জাতীয় পার্টি সেই সংলাপে আমন্ত্রণ পাবে কি-না সেটি এখনো নিশ্চিত নয়। জাতীয় পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল। তবে দলটির মধ্যে অন্তর্কোন্দলের জেরে কাউন্সিলের মাধ্যমে আলাদা কমিটি গঠন করে সেই তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি। সেই উদাহরণ টেনে নির্বাচন কমিশন বলছে, জাতীয় পার্টি নিজেদের অভ্যন্তরীণ সংকট সমস্যা সমাধান করে যদি ইসির দ্বারস্থ হয় তাহলে দলটির সাথে সংলাপ বা ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘তাদের মধ্যে অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে। এটা তারা ফয়সালা করলে কমিশন সিদ্ধান্ত নেবে।’ জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি কী? ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। যে কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি অনেকটাই স্পষ্ট। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের মতো কার্যক্রম নিষিদ্ধ বা নিবন্ধন স্থগিত না হলেও রাজনীতির মাঠে গত ১৪ মাস ধরে অনেকটাই কোণঠাসা জাতীয় পার্টি। অন্তর্বর্তী সরকারের সাথে একটি মাত্র বৈঠকে অংশ নিলেও পরে ঐকমত্য কমিশন কিংবা সরকারের সাথে কোনো ধরনের বৈঠকে আমন্ত্রণ পায়নি দলটি। সরকার যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ করেনি কিংবা নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন বাতিল করেনি সে কারণে এরই মধ্যে নির্বাচন প্রস্তুতি শুরু করেছে। দলটির নেতারা বলছেন, নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ৩০০ আসনেই প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। কোন কোন আসনে প্রার্থী তালিকা চূড়ান্তও করা হয়েছে। যার নেতৃত্ব দিচ্ছে দলীয় চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বিবিসি বাংলাকে বলেন, ‘প্রার্থী চূড়ান্ত করতে পার্টির চেয়ারম্যান অনেকের সাথে কথা বলেছেন। আমাদের একটা ছক করা আছে কোন আসন থেকে কে ভোট করতে পারেন। এ নিয়ে আমাদের প্রস্তুতি আছে। প্রার্থী ঘোষণা করতে আমাদের খুব বেশি সময় লাগবে না।’ আপাতত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুত রাখা হলেও শেষ পর্যন্ত ভোটে অংশ নেওয়ার সুযোগ পেলে সব আসনে প্রার্থী না দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন দলের নেতারা। জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘প্রাথমিকভাবে ৩০০ আসনেরই প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। সেটি এটা পর্যায়ে পৌঁছালে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কতগুলোতে ভোট করবো আমরা।’ টার্গেট জোটবদ্ধ নির্বাচন? ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের সাথে কখনো জোটবদ্ধ, কখনো বা আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়ে আসছিল জাতীয় পার্টি। এসব ভোটে কখনো বিরোধী দলের ভূমিকায়, আবার কখনো সরকারে থেকেই বিরোধী দল ছিল জাতীয় পার্টি। যে কারণে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় পার্টিও দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে। এমন অবস্থায় আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও যে অনিশ্চিত সেটিও মানছেন জাতীয় পার্টির নেতারা। জাতীয় পার্টির নেতারা মনে করছেন, শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে দলটির আগ্রহ একক নির্বাচন না করে জোটগত ভোটে অংশ নেওয়া। রোববার যখন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর সাথে কথা হচ্ছিল তখন জোটবদ্ধ ভোট করার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেছিলেন, ‘রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আমরা বুঝতে পারি অনেকে (রাজনৈতিক দল) আমাদের সাথে জোট করতে আগ্রহী। আমরাও অনেকের সাথে জোট করতে আগ্রহী। এই মুহূর্তে জাতীয় পার্টি মনে করছে তারা যদি একক নির্বাচনের চাইতে জোটগতভাবে করে তাহলে তাদের আসন সংখ্যা যেমন বাড়তে পারে, তেমনি যে দলের সাথে জোট করবে তাদের আসনও বাড়তে পারে।’ কার সঙ্গে জোটে আগ্রহী জাতীয় পার্টি? এর ব্যাখ্যা দিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপি- জামায়াতের সাথে জাতীয় পার্টির এক ধরনের জোট গঠনে পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সেটি তখন হয়নি। তবে, এবারের নির্বাচনে জাতীয় পার্টি বিএনপি বা জামায়াতের সাথে জোট করতে আগ্রহী বলেও জাতীয় পার্টির মহাসচিব জানিয়েছেন। তিনি বলেছেন, সেটি কতখানি বাস্তব তা নিয়ে ধোঁয়াশা আছে। তবে শেষ পর্যন্ত তা নির্ভর করবে তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিবেশ কেমন থাকে তার ওপর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
