ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
৩ দিন পর মা-বাবার কোলে ফিরল অপহৃত রোহিঙ্গা শিশু ইছা
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Tuesday, 11 November, 2025, 6:41 PM

৩ দিন পর মা-বাবার কোলে ফিরল অপহৃত রোহিঙ্গা শিশু ইছা

৩ দিন পর মা-বাবার কোলে ফিরল অপহৃত রোহিঙ্গা শিশু ইছা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের তিন দিন পর উদ্ধার হলো তিন বছরের শিশু মোহাম্মদ ইছা। উখিয়া ও চন্দনাইশ থানা পুলিশি তৎপরতায় মুক্তিপণ ছাড়াই অক্ষত অবস্থায় শিশুটি তার পিতার কোলে ফিরে এসেছে।

গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাড়ির আঙিনায় খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয় ইছা। কিছুক্ষণ পরই অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

পরিবারটি ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় দু’দিন পর উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির পিতা মোহাম্মদ আমির আলী।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে সংশ্লিষ্ট থানায় অধিযাচন পত্র পাঠান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

সংবাদ পেয়ে চন্দনাইশ থানার ওসি গোলাম সরওয়ার দ্রুত অভিযান শুরু করেন। টানা একদিনের তৎপরতার পর সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার দোহাজারী এলাকা থেকে মুক্তিপণ ছাড়াই ইছাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ওসি গোলাম সরওয়ার বলেন, “পরিকল্পনা অনুযায়ী মুক্তিপণের টাকা নিতে অপহরণকারীকে নির্দিষ্ট স্থানে আসতে বলা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী পালিয়ে যায়, তবে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।”

আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকালে উদ্ধারকৃত শিশুকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “দুই থানার সমন্বিত প্রচেষ্টায় শিশুটিকে কোনো ক্ষতি ছাড়াই উদ্ধার করা গেছে। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের বি ব্লকের শেডে দেখা যায়, পিতা-মাতার সঙ্গে খেলায় মেতে আছে ছোট্ট ইছা। পরিবার জানায়, মানসিকভাবে কিছুটা ভীত থাকলেও তার শারীরিক অবস্থা ভালো।

শিশুর পিতা মোহাম্মদ আমির আলী আবেগঘন কণ্ঠে বলেন, “আমি ভাবিনি ছেলেকে ফিরে পাব। আল্লাহর রহমতে আর দুই ওসি স্যারের আন্তরিকতায় সে আবার আমার কোলে ফিরেছে। তারা না থাকলে জানি না কী হতো।”

সাম্প্রতিক সময়ে উখিয়া-টেকনাফ ও আশপাশের এলাকায় শিশু অপহরণের প্রবণতা বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। তাদের মতে, প্রশাসন ও পুলিশের এ ধরনের সমন্বিত পদক্ষেপ অব্যাহত থাকলে অপহরণকারীদের দৌরাত্ম্য কমবে এবং প্রাণহানির ঝুঁকি হ্রাস পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status